‘পুলিশ ভেরিফিকেশন (যাচাই-বাছাই) মানেই ব্যাপক খাবারদাবার। আর যাওয়ার সময় মিষ্টির জন্য কয়েক হাজার টাকা দেওয়া বোঝায়। কোনোমতে কয়েক হাজার টাকা জোগাড় করেছিলাম। বাড়িতে বলেছিলাম, খাবারের ব্যবস্থা করতে। এসবের কিছুই লাগেনি, উল্টো পুলিশের উপহার পেয়েছি।’
নিজের ফেসবুক পেজে এভাবেই কথাগুলো লিখেছেন ৩৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ পাবনার মুহাম্মদ বিন ইয়াহিয়া। তাঁর স্ট্যাটাসের সূত্র ধরে জানা গেল, ভেরিফিকেশনের ভয় কাটাতে পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ সেলিম ৩৫তম বিসিএসে উত্তীর্ণ পাবনার ৩৭ জন প্রার্থীর বাড়িতে পৌঁছে দিয়েছেন ফুলের তোড়া ও মিষ্টি।
পাবনার পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, পাবনার সাত উপজেলায় বিসিএসে উত্তীর্ণ ৩৭ জনের পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব পড়েছে শেখ সেলিমের ওপর। তিনি নিজে উত্তীর্ণ প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে কাজটি করেছেন। কিছু ক্ষেত্রে নিজ নিজ থানার উপপরিদর্শকদের (এসআই) সাহায্য নিয়েছেন। তবে যিনিই গেছেন তিনিই প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যদের দিয়েছেন ফুলের তোড়া ও মিষ্টি।
উপহার পাওয়া প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা জানান, পাসপোর্ট, চাকরি, বিদেশ গমনসহ যেকোনো বিষয়ে পুলিশ ভেরিফিকেশন মানেই ঝামেলা। অধিকাংশ সময়ই প্রার্থীর পক্ষে ভালো কথা লেখার নামে পুলিশ টাকা দাবি করে। ফলে তাদের (পুলিশ) বিভিন্নভাবে খুশি করতে হয়। কিন্তু পাবনা পুলিশের এ উদ্যোগ প্রচলিত ধারণাকে কিছুটা হলেও পাল্টে দিয়েছে।
মুহাম্মদ বিন ইয়াহিয়া তাঁর ফেসবুক পেজে আরও লেখেন, ‘ভেরিফিকেশনে বাড়িতে একজন এসআই এসেছিলেন। সঙ্গে এনেছিলেন ফুলের তোড়া। আমি তো পুরোই অবাক। বিষয়টা আমাকে আবেগতাড়িত করেছে।’
নূরুল ইসলাম নামের আরেক প্রার্থী লেখেন, ‘এই ফুল আমাকে শুধু সম্মানিত করেনি, আমার বাবা-মায়ের আনন্দ অশ্রু বাড়িয়ে দিয়েছে।’ ফারজানা স্বর্ণা নামের এক প্রার্থী লিখেছেন, ‘নিঃসন্দেহে এটি প্রশংসনীয় উদ্যোগ। এটা মনে থাকবে।’ যোগাযোগ করলে বেড়া উপজেলার কাশিনাথপুর গ্রামের এক প্রার্থীর অভিভাবক মো. আফতাব উদ্দিন বলেন, ‘পুলিশ ভেরিফিকেশনে এমন ঘটনা জীবনে দেখিনি। বিষয়টি পুলিশের প্রতি আমাদের ধারণা অনেকটাই পাল্টে দিয়েছে।’
জানতে চাইলে শেখ সেলিম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন নিয়ে সব সময় মানুষের মধ্যে ভয় কাজ করে। ফলে কিছু অসৎ কর্ম হয়। ভেরিফিকশনের দায়িত্ব পাওয়ার পর মানুষের ভয় কাটানোর ইচ্ছা জাগে। তা ছাড়া যাঁরা বিসিএসে উত্তীর্ণ হয়েছেন তাঁদের সম্মানিত করাটাও দায়িত্ব মনে হয়েছে। তাই এ সামান্য কিছু করার চেষ্টা করেছি। এ সামান্যতেই মানুষের যে আবেগ ও ভালোবাসা দেখেছি, তা আমাকে অনুপ্রাণিত করেছে।’