বিসিএসে উত্তীর্ণদের ২৯ শতাংশ সরকারি চাকরিজীবীর সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৯ দশমিক ৪১ শতাংশই সরকারি চাকরিজীবীদের সন্তান। উত্তীর্ণদের মধ্যে বেসরকারি চাকরিজীবীদের সন্তান রয়েছেন ১১ দশমিক ৪২ শতাংশ এবং স্বকর্মসংস্থানকারীদের সন্তান ২১ দশমিক ৮৩ শতাংশ। ব্যবসায়ীদের স্বকর্মসংস্থান শ্রেণীতে রাখা হয়েছে।২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮তম বিসিএস পরীক্ষার ফলাফলের ওপর পরিচালিত এক গবেষণা জরিপে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদনে এ জরিপের ফলাফল তুলে ধরা হয়েছে। জাতীয় সংসদে গতকাল রোববার পেশ করা এ প্রতিবেদনে বিসিএস পরীক্ষাকে আরও কার্যকর করার লক্ষ্যে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। সংসদের কাজে সরকারি কর্মকমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন।প্রতিবেদনে করা সুপারিশের মধ্যে রয়েছে, একবার কেউ বিসিএস পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে (প্রিলিমিনারি) পাস করলে পরবর্তী বিসিএসের সময় পর্যন্ত তাঁর ওই ফলাফল বহাল রাখা যেতে পারে। অর্থাৎ পরবর্তী বিসিএসের সময় তাঁকে আর বাছাই পরীক্ষা দিতে হবে না, সরাসরি লিখিত পরীক্ষা দিতে পারবেন। এতে করে প্রতিবার অধিকসংখ্যক প্রার্থীর পরীক্ষা নিতে হবে না। একই সঙ্গে প্রার্থীরাও অনেক হয়রানি থেকে রক্ষা পাবেন। এ ছাড়া বিসিএসে মেধা কোটা বাড়ানো, পরীক্ষার্থীদের আবেদনপত্র জমা ও রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে করারও সুপারিশ করা হয়েছে। পিএসসিতে পরীক্ষা বিষয়ে জানার জন্য একটি অনুসন্ধান বুথ খোলা এবং পিএসসিতে নিজ নিজ ক্ষেত্রে দক্ষ ও উচ্চ ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু চাকরির ক্ষেত্রে বয়সসীমা নির্বিশেষে সবার জন্য আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।উত্তীর্ণদের বেশির ভাগ শহরের: ওই পাঁচটি বিসিএস পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২৬তম বিসিএস ছাড়া বাকি চারটিতেই শহরে বাস করা প্রার্থীরা বেশি উত্তীর্ণ হয়েছেন। ২৪তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে ৫২ দশমিক ১৩ শতাংশ শহরের ও ৪৭ দশমিক ৪৬ শতাংশ গ্রামের, ২৫তম বিসিএসের ৫৯ দশমিক ৪৮ শতাংশ শহরের এবং ৪০ দশমিক ২৩ শতাংশ গ্রামের, ২৬তম বিসিএসের ৩৪ দশমিক ৯ শতাংশ শহরের এবং ৫৭ দশমিক ৬৭ শতাংশ গ্রামের, ২৭তম বিসিএসের ৫৫ দশমিক ৩৬ শতাংশ শহরের এবং ৪৩ দশমিক ৫০ শতাংশ গ্রামের, ২৮তম বিসিএসে উত্তীর্ণদের ৫৭ দশমিক ১২ শতাংশ শহরে এবং ৪২ দশমিক ৩৩ শতাংশ গ্রামে বাস করেন। গ্র্যাজুয়েট পিতার সংখ্যা বেশি: ২৮তম বিসিএসে উত্তীর্ণদের ওপর গবেষণা জরিপে দেখা গেছে, তাঁদের মধ্যে ৩৩ দশমিক ২৪ শতাংশের পিতার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। শিক্ষাগত যোগ্যতা না থাকা পিতার সংখ্যা ১ দশমিক ৮৭ শতাংশ। স্নাতকোত্তর ডিগ্রিধারী পিতার সংখ্যা ১৬ দশমিক ১২ শতাংশ, এইচএসসি পাস ১৭ দশমিক ৬৭ শতাংশ, এসএসসি ১৩ দশমিক ১ শতাংশ, এসএসসির নিচে কিন্তু নিরক্ষর নন এমন পিতার সংখ্যা ১৭ দশমিক ৩১ শতাংশ। শিক্ষাগত যোগ্যতা নেই—এমন মায়ের সংখ্যা ৪ দশমিক ৬৬ শতাংশ। তবে এসএসসির নিচে কিন্তু নিরক্ষর নন এমন মায়ের সন্তানেরাই বেশিসংখ্যায় (৪৯ দশমিক ৭৩ শতাংশ) উত্তীর্ণ হয়েছেন।উত্তীর্ণদের অধিকাংশ পুরুষ: এ পাঁচটি বিসিএস পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, উত্তীর্ণদের মধ্যে গড়ে ৭০ শতাংশই পুরুষ। ২৪তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে ৭২ দশমিক ৯০ শতাংশ পুরুষ ও ২৭ দশমিক ১০ শতাংশ নারী, ২৫তম বিসিএসে ৭৪ দশমিক ৫৪ শতাংশ পুরুষ ও ২৫ দশমিক ৪৬ শতাংশ নারী, ২৬তম বিসিএসে ৬৬ দশমিক ১৩ শতাংশ পুরুষ ও ৩৩ দশমিক ৮৭ শতাংশ নারী, ২৭তম বিসিএসে ৭৪ দশমিক ৬২ শতাংশ পুরুষ ও ২৫ দশমিক ৩৮ শতাংশ নারী, ২৮তম বিসিএসে ৬৯ দশমিক ৪১ শতাংশ পুরুষ ও ৩০ দশমিক ৫৯ শতাংশ নারী রয়েছেন।