বিসিএসে পাঁচ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে নির্দেশ

৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ পাঁচজন প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই পাঁচ প্রার্থীর করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রোববার এ নির্দেশ দেন।
ওই পাঁচজনকে আদালতের রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে ২০১২ সালের ১২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার সার্ভিস এবং অন্যান্য প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষণ’ সংক্রান্ত সিদ্ধান্তের ‘খ’ অংশ অবৈধ ঘোষণা করা হয়েছে। এই অংশে বলা হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির ক্ষেত্রে বিদ্যমান কোটার মধ্যে যে কোটায় পর্যাপ্তসংখ্যক যোগ্য প্রার্থী পাওয়া যাবে না, সেই কোটার ১ শতাংশ যোগ্য প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে। এর পরিবর্তে বিসিএস ক্যাডার সার্ভিস এবং অন্যান্য প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা পূর্ণ সংরক্ষণ করতে হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী শফিকুল ইসলাম।
৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় থাকা পাঁচ আবেদনকারী হলেন মীর মো. মোশাররফ হোসেন, আবিদ হোসেন, এস এম জাহিদুল ইসলাম, বাবুল চন্দ্র দাস ও এনায়েত কবির।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান ও শফিকুল ইসলাম। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পক্ষে ছিলেন আইনজীবী মো. খালেকুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক। আজ সোমবার এ এস এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
আইনজীবীদের সূত্র বলেছে, ৩৪তম বিসিএসে ফলাফলের ভিত্তিতে ২ হাজারেরও বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। তবে দেখা যায়, এতে মাত্র তিনজন প্রতিবন্ধীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এ অবস্থায় প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ১ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগের জন্য নন-ক্যাডার তালিকায় থাকা পাঁচজন প্রতিবন্ধী ২০১৫ সালে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৬ নভেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রোববার রায় দেওয়া হয়।