বিসিএসে পিছিয়ে পড়ছেন নারীরা

বিসিএস পরীক্ষায় পিছিয়ে পড়ছেন নারীরা। গত পাঁচটি বিসিএসের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত নারী প্রার্থীর হার ক্রমান্বয়ে কমছে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনে এ চিত্র পাওয়া যায়।
রোববার জাতীয় সংসদে প্রতিবেদনটি উপস্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। প্রতিবেদনে দেখা যায়, ৩২তম বিসিএসে (বিশেষ) সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে নারী প্রার্থী ছিলেন ৫৫ দশমিক ১ শতাংশ (৯২৩ জন)। আর পুরুষ ছিলেন ৪৪ দশমিক ৯০ শতাংশ (৭৫২ জন)। এরপর থেকে পুরুষের চেয়ে পিছিয়ে পড়তে থাকেন নারী প্রার্থীরা।
পিএসসির ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, ৩৩তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নারী ছিলেন ৩৮ দশমিক ২৬ শতাংশ (৩২৫৫ জন), ৩৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে নারী কমে দাঁড়ায় ৩৫ দশমিক ৬২ শতাংশ (৭৭৫ জন), ৩৫তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নারী ছিলেন ২৭ দশমিক ৯২ শতাংশ (৬০৯ জন) এবং ৩৬তম বিসিএসে নারী ছিলেন ২৬ দশমিক ২২ শতাংশ (৬০৯ জন)। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি নারী প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৩৩তম বিসিএসে ৩ হাজার ২৫৫ জন। আর কম উত্তীর্ণ হয়েছে ৩৬তম বিসিএসে ৬০৯ জন।
৩৬তম বিসিএস পরীক্ষায় মোট যোগ্য পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ১১ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪১ হাজার ২৭০ জন (৬৬.৮৬ শতাংশ), নারী ৭০ হাজার ৬ জন (৩৩.১৩ শতাংশ) এবং তৃতীয় লিঙ্গ ৬ জন (০.০০৩ শতাংশ)। এর মধ্যে প্রিলিমিনারি টেস্টে ১ লাখ ৯ হাজার ২ জন (৭৯.৭০ শতাংশ) পুরুষ এবং ২ হাজার ৭৭৭ জন (২০.৩০) নারী পাস করেন। লিখিত পরীক্ষায় ৪ হাজার ৭৮০ জন (৭৯.৮০ শতাংশ) পুরুষ ও ১ হাজার ২১০ জন (২০.২০ শতাংশ) নারী পাস করেন। আর সুপারিশপ্রাপ্ত হন (চূড়ান্তভাবে উত্তীর্ণ) ১ হাজার ৭১৪ জন (৭৩.৭৮ শতাংশ) পুরুষ ও ৬০৯ জন (২৬.২২ শতাংশ) নারী।