বিসিএসে মুক্তিযুদ্ধ বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন রাখতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষায় ১০০ নম্বর ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় ২০ নম্বরের প্রশ্নপত্র মুক্তিযুদ্ধ বিষয়ে করতে সরকারি কর্মকমিশন (পিএসসি) ও বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গত ২৭ মে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই চিঠি পাঠিয়েছে।

মন্ত্রণালয় একই দিনে মাদ্রাসা, কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম বিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলকভাবে মানার ব্যবস্থা করতে শিক্ষাসচিব এবং প্রাথমিক ও গণশিক্ষাসচিবকে আরেকটি চিঠি দিয়েছে৷

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দীকী প্রথম আলোকে বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা ও তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের আলোকে এই চিঠি দেওয়া হয়েছে।

বর্তমানে বিসিএস বাছাই পরীক্ষা ১০০ এবং লিখিত পরীক্ষা ১০০০ নম্বরের হয়৷ এখানে মুক্তিযুদ্ধ বিষয়ে আলাদাভাবে কোনো বিষয় নেই৷

এদিকে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশন করা হলেও অনেক মাদ্রাসা, ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও​ কিন্ডারগার্টেনে তা করা হয় না বলে অভিযোগ আছে৷ এ নিয়ে বিভিন্ন সময়ে অাদেশ দিলেও সবাই তা মানছে না৷ এ অবস্থায় গত ২৪ এপ্রিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ দুটি বিষয়ে সুপারিশ করা হয়েছিল।

ওই সভায় বিসিএসসহ ​অন্যান্য নিয়োগ পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্নপত্র করার পেছনে যুক্তি তুলে ধরে বলা হয়, পরীক্ষায় আলাদা করে এ বিষয়ে প্রশ্ন করা হলে পরীক্ষার্থীরা বিষয়টিতে বেশি গুরুত্ব ​েদবেন৷

এ বিষয়ে বক্তব্য জানতে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ ও সচিব এ কে এম আমির হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি৷

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিসিএসের বাছাই পরীক্ষায় মোট নম্বর বর্তমানের ১০০-এর পরিবর্তে ২০০ করা হচ্ছে৷ পিএসসি বাছাই পরীক্ষা ৩০০ নম্বরের করতে প্রস্তাব পাঠালেও তা ২০০ করা হচ্ছে৷ জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির সূত্রমতে, আসন্ন ৩৫তম বিসিএস পরীক্ষা থেকেই নতুন এই পদ্ধতি কার্যকর করার চেষ্টা চলছে৷ শিগগিরই ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হবে৷