বিসিএসে মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বর থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএসের লিখিত পরীক্ষায় নয় মাসের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর ১০০ নম্বর রাখার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গতকাল সোমবার সংসদে প্রশ্নোত্তরে হুইপ শহিদুজ্জামান সরকারের এ-সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের কথা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম স্মরণ রাখে সে জন্য পাঠ্যসূচির সঙ্গে বিসিএস পরীক্ষায় ১০০ নম্বর রাখা হবে।’
সিরাজুল ইসলামের প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, ৪১ জন বীরাঙ্গনার নাম ইতিমধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে প্রকাশ করা হয়েছে। ৩২ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে প্রকাশের জন্য চূড়ান্ত করা হয়েছে। আরও ১২১টি আবেদন যাচাইবাছাই চলছে।
জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১০ হাজার টাকায় উন্নীত করা হবে। বর্তমানে তাঁরা আট হাজার টাকা করে পান। এ ছাড়া খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা কয়েক গুণ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে।
সামশুল হক ভূঁইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা আসলে ষড়যন্ত্র ছিল না। দেশ স্বাধীন করার পরিকল্পনা ছিল। এই মামলায় বঙ্গবন্ধুর সঙ্গে যাঁদের নাম ছিল তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে।
মাহজাবীন খালেদের প্রশ্নের জবাবে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ খোয়া যাওয়া একটি ব্যতিক্রমী ঘটনা। লাগেজ হ্যান্ডেলিং সীমাবদ্ধতার কারণে মাঝেমধ্যে যাত্রীদের মালামাল ভুল গন্তব্যে চলে যায় বা অদাবিকৃত হিসেবে যাত্রাস্থলে থেকে যায়। এসব লাগেজ সব সময় শতভাগ শনাক্ত করা সম্ভব হয় না। শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার যাত্রীর ২৫ থেকে ৩০ হাজার ব্যাগ পরিবহন হয়ে থাকে। এই বিশাল কর্মকাণ্ডের মধ্যে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। তবে বিষয়টি অবশ্যই কাম্য নয়।
লাগেজ হারানো প্রতিরোধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গত নভেম্বরে ৯টি, ডিসেম্বরে ১৪টি এবং জানুয়ারিতে ১৩টি লাগেজ হারানো গিয়েছে।
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এ বছরের শেষের দিকে বাংলাদেশের জন্য চীনের তৈরি করা সাবমেরিন নৌবাহিনীর বহরে যোগ হবে। নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ২০১৩ সালের ১৩ নভেম্বর চীন থেকে সাবমেরিন টাইপ ০৩৬জি কেনার চুক্তি হয়। মন্ত্রী আরও বলেন, প্রতিরক্ষা জোরদার ও নজরদারি বাড়াতে চারটি এয়ার ডিফেন্স রাডার কেনা হয়েছে। আগামী জুন মাসে চীন থেকে আরও একটি রাডার বাংলাদেশে আসবে।
নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, ২০১৫ সাল পর্যন্ত দেশে ইটিপি স্থাপনযোগ্য ১ হাজার ৪৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ১১৩টিতে ইটিপি স্থাপন করা হয়েছে। ২০১০ সালের জুলাই থেকে ২০১৫ সাল পর্যন্ত ২ হাজর ১১৯টি দূষণকারী প্রতিষ্ঠান ও প্রকল্পের বিরুদ্ধে ২০৩ কোটি ৮১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করে ১৩১ কোটি ৫৪ লাখ টাকা আদায় করা হয়েছে।