বিসিএসের চাকরিতে নারীর হার কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যসূত্র: পিএসসির বার্ষিক প্রতিবেদন-২০১৭
তথ্যসূত্র: পিএসসির বার্ষিক প্রতিবেদন-২০১৭

দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এখন ছাত্রদের চেয়ে ছাত্রী বেশি। উচ্চশিক্ষাতেও নারী-পুরুষের অংশগ্রহণের সমতা কাছাকাছি। কিন্তু বিসিএসে নারীদের চাকরির পাওয়ার হার ধারাবাহিকভাবে কমছে। গত চারটি বিসিএসে দেখা গেছে, নারীদের চাকরি পাওয়ার হার ৩৮ দশমিক ২৬ শতাংশ থেকে কমে ২৬ দশমিক ২২ শতাংশে এসেছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন-২০১৭ পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

সরকারি চাকরিতে বিসিএসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এই চাকরির মাধ্যমে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্রসহ দেশের ২৭ ধরনের ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হয়। তাঁরাই মূলত দেশ পরিচালনায় সরকারি কাজে মূল নেতৃত্ব দেন। বর্তমানে সচিব থেকে শুরু করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তার মতো বিভিন্ন পদে নারীদের উপস্থিতি লক্ষণীয়। এসব কর্মকর্তাও বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে এসেছেন। এই পরিস্থিতিতে গত কয়েক বছরে বিসিএসে নারীদের চাকরি পাওয়ার হার কমে যাওয়ার কারণগুলো বিশ্লেষণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন সরকারি চাকরিতে কর্মরত একাধিক নারী কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, যেখানে শিক্ষার প্রায় সব স্তরেই এখন নারী-পুরুষের সমতা অর্জিত হয়েছে বা হচ্ছে; সেখানে নারীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোথায় কোথায় বাধা আছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, বিসিএসে নারীদের চাকরি পাওয়ার হার কমার কারণটি বিশ্লেষণ করে বলতে হবে। তবে মেধাতালিকায় নারীদের চাকরি পাওয়ার অগ্রগতি ভালো।

বিসিএস পরীক্ষা সম্পর্কে অবহিত করতে বিসিএস নারী কর্মকর্তাদের সংগঠন বিসিএস উইমেন নেটওয়ার্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কর্মশালা করছে। সংগঠনটির মহাসচিব এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নাসরিন আক্তার প্রথম আলোকে বলেন, দেখা যায়, অনেক মেয়ে পড়াশোনায় ভালো থাকলেও বিসিএস পরীক্ষা সম্পর্কে ভালোভাবে জানেন না। এ কারণেও তাঁরা পিছিয়ে থাকেন। এ বিষয়ে চাকরিপ্রার্থী নারীদের সচেতন হওয়ার পাশাপাশি আর্থসামাজিক সমস্যার দিকেও নজর দিতে হবে।

পিএসসির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, বিপুলসংখ্যক নারী বিসিএস পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। তবে যত ধাপ যেতে থাকে, তাঁদের সংখ্যা কমতে থাকে। যেমন ৩৬ তম বিসিএস পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ২ লাখ ১১ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ প্রায় ৬৭ শতাংশ এবং নারী প্রায় ৩৩ শতাংশ। অথচ নারীদের চাকরি পাওয়ার হার ২৬ দশমিক ২২ শতাংশ। এর আগের বিসিএসে নারী প্রার্থী ছিলেন ৩৩ দশমিক ৩৪ শতাংশ। কিন্তু চাকরি পেয়েছেন ২৭ দশমিক ৯২ শতাংশ। তবে ৩২ তম বিসিএসে (বিশেষ) নারীরা বেশি চাকরি পান। এই বিসিএসটি মূলত কোটার জন্য ছিল।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, বিসিএসে চাকরি পাওয়ার হার কমে যাওয়ার বিষয়টা ভেবে দেখা উচিত। যেখানে শিক্ষা ও নিয়োগ পরীক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ছে, সেখানে চাকরি পাওয়ার হার কমবে কেন? এখনো সরকারি চাকরিতে দূরদূরান্তে বদলি, পদায়নসহ কিছু কারণে নারীদের চাকরি করার ক্ষেত্রে একধরনের বাধা কাজ করে। এ কারণে নিয়োগ পরীক্ষায় বিপুলসংখ্যক নারী অংশ নিলেও চূড়ান্ত পর্বে যেতে তাঁদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে, পরিবেশ-পরিস্থিতি উন্নত করতে হবে।