৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার। পরীক্ষার্থীদের আজ সকাল নয়টার মধ্যেই কেন্দ্রে ঢোকার নির্দেশনা দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এই পরীক্ষায় ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রার্থী অংশ নেবেন। ঢাকার ১২৩টি কেন্দ্রসহ ছয় বিভাগের ১৯০টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। পরীক্ষার কক্ষে কোনো রকম বইপত্র, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিকস ডিভাইস, হাতঘড়ি ও পকেটঘড়ি সঙ্গে নেওয়া যাবে না। প্রতিটি কক্ষেই ঘড়ি থাকবে। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ৯টার পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কারও কাছে কোনো ইলেকট্রনিকস ডিভাইস পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।