বিসিএসের বাছাই পরীক্ষার নম্বর ২০০ করা হচ্ছে
বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার মোট নম্বর বর্তমানের ১০০ থেকে বাড়িয়ে ২০০ নম্বর ও সময় দুই ঘণ্টা করার চিন্তাভাবনা করা হচ্ছে। একই সঙ্গে পরীক্ষার ধরনেও পরিবর্তন আসছে৷ আগামী ৩৫তম বিসিএস পরীক্ষা থেকেই নতুন এই নিয়ম চালু হতে পারে৷
সরকারি কর্মকমিশনের (পিএসসি) একটি প্রস্তাবের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পিএসসি বাছাই পরীক্ষা ৩০০ নম্বরের করার প্রস্তাব করেছিল। বিষয়টি নিয়ে সচিব কমিটির সভায় আলোচনা হয়েছে। এখন পরীক্ষার নম্বর ২০০ করার চিন্তাভাবনা করা হচ্ছে। একই সঙ্গে প্রশ্নপত্রের ধরনেও পরিবর্তন এনে বর্তমানের নৈর্ব্যক্তিকের (এমসিকিউ) পাশাপাশি প্রাথমিকভাবে প্রার্থীদের লেখার ক্ষমতা আছে কি না, তা যাচাই করার বিষয়টিও অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে। যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যেই এ রকম চিন্তাভাবনা করা হচ্ছে।
বর্তমানে বিসিএসের বাছাই পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে এবং এর সময় এক ঘণ্টা। পিএসসির সূত্র জানায়, এমন পরীক্ষা পদ্ধতির কারণে দেখা যায়, ৪০-৫০ হাজার চাকরিপ্রার্থী বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন। সর্বশেষ ৩৪তম বিসিএসের বাছাই পরীক্ষায় ৪৬ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন৷ বিপুলসংখ্যক এসব প্রার্থীর লিখিত পরীক্ষা নিতে সময়, স্থানসহ বেশ কিছু ঝামেলায় পড়তে হয় পিএসসিকে। এ জন্য পিএসসি চাইছে প্রাথমিক বাছাই পরীক্ষাকে আরও যুগোপযোগী করে আরও কম প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করতে। মূলত এই চিন্তা থেকেই এমন পরিবর্তনের প্রস্তাব করা হয়।
জানতে চাইলে পিএসসির সদস্য মাঈনউদ্দিন খন্দকার বলেন, বর্তমানে বাছাই পরীক্ষায় অসংখ্য প্রার্থী উত্তীর্ণ হচ্ছেন। কিন্তু লিখিত পরীক্ষায় গিয়ে অনেকেই পাস করতে পারছেন না। এ জন্য এমন পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। তবে ৩০০ নম্বরের প্রস্তাব করা হলেও এটা ২০০ নম্বর হবে বলে মনে করেন তিনি।
মাঈনউদ্দিন খন্দকার জানান, ৩৫তম বিসিএস পরীক্ষা থেকে নতুন নিয়ম চালু করার চেষ্টা চলছে।