বিসিক চেয়ারম্যানকে দুদকের অব্যাহতি
অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করলেও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান আহমদ হোসেন খানকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার তাঁর বিরুদ্ধে অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির বিষয়টি অনুমোদন দেওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে।
মামলার এজাহার ও দুদকে আসা অভিযোগে বলা রয়েছে, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক থাকাকালে আহমদ হোসেন খান বিদেশ ভ্রমণের সময় অবৈধভাবে স্ত্রী ও ছেলের বিমান ভাড়া বাবদ ৮৯ হাজার ৮৭৪ টাকার সুবিধা নিয়েছেন। বিশ্বব্যাংকের অর্থায়ন করা একটি প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ‘স্থপতি সংসদ লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন খানের কাছ থেকে তিনি এ সুবিধা নেন। পরবর্তী সময় মহিউদ্দিন খান প্রকল্পের বরাদ্দ থেকে মহাপরিচালকের নামে বিমান ভাড়া বাবদ আরও ৪৩ হাজার ৪৬৯ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।
দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম গত বছরের ৯ জুন অনৈতিকভাবে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ এনে আহমদ হোসেন খান ও মহিউদ্দিন খানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় উপপরিচালক মো. নাসির উদ্দিনকে।
দীর্ঘ নয় মাস তদন্ত শেষে আহমেদ হোসেন খান ও মহিউদ্দিন খানকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির বিষয়ে দুদকের সূত্রটি জানায়, বিদেশে যাওয়ার বিষয়ে আহমদ হোসেন খানের কোনো সম্পৃক্ততা ছিল না। পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার। বিদেশে যাওয়ার ক্ষেত্রেও বিল-ভাউচার ওই পরামর্শক প্রতিষ্ঠানই তৈরি করেছিল। তাই অর্থ আত্মসাতের অভিযোগটি ছিল মূলত পরামর্শক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মামলার তদন্তের সময় পরামর্শক প্রতিষ্ঠানটি বিমান ভাড়া বাবদ ৪৩ হাজার ৪৬৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র না দিয়ে অব্যাহতির সিদ্ধান্ত নেয় দুদক।
আহমদ হোসেন খান ২০১৪ সালের সেপ্টেম্বরে বিসিকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।