বিসিক নগরী, নাকি আবাসিক এলাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিসিক শিল্পনগরীর বেশ কিছু কারখানা বন্ধ করে ভেতরে বসবাস করছেন মালিকেরা। কেউ শ্রমিকদের থাকার জন্য ভাড়া দিয়েছেন, কেউ বিক্রি করে দিচ্ছেন। গ্যাসের সুবিধা না থাকা, আমদানি করা কাঁচামাল ব্যবহার এবং অন্য নগরীর সমান সার্ভিস চার্জ দিয়ে প্রতিযোগিতায় টিকতে পারছেন না বলে মালিকদের দাবি। একের পর এক শিল্পকারখানা বন্ধ করে দিতে হচ্ছে। জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) রাজশাহী জেলা শাখার সভাপতি আবদুস সামাদ জানান, রাজশাহী বিসিক শিল্পনগরীতে যেসব শিল্প-কারখানা গড়ে উঠেছিল, তার বেশির ভাগ চলছে টিম টিম করে। রাজশাহী বিসিককে এ-গ্রেড ধরে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় করা হয়। সেই সঙ্গে প্রতি বর্গফুট এক টাকা হারে সার্ভিস চার্জ নেওয়া হয়। তিনি বলেন, ঢাকায় শিল্পপ্রতিষ্ঠানগুলো জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহারের সুযোগ পাচ্ছে। সেখানে রাজশাহীতে জ্বালানি হিসেবে বিদ্যুৎ ব্যবহার করায় উত্পাদন-ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। সেই বিদ্যুৎ আবার সময়মতো পাওয়াও যায় না। কারখানার কাঁচামাল আমদানি করতে হয়। আবার উত্পাদিত পণ্যের ভালো বাজার রাজশাহীতে নেই। ফলে কাঁচামাল ও তৈরি মালের পরিবহন-খরচ মিটিয়ে ঢাকা ও চট্টগ্রামে উত্পাদিত পণ্যের সঙ্গে তাঁরা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। গ্যাস সরবরাহ নিশ্চিত করা হলে উদ্যোক্তারা এখানে ঝুঁকে পড়বেন বলে মন্তব্য করেন তিনি।রাজশাহীর সবচেয়ে বড় রেশম কারখানা সপুরা সিল্কের মালিক সদর আলী বলেন, এখানে সুযোগ-সুবিধার অভাবের সঙ্গে আরেকটি বিষয় যুক্ত হয়েছে। তা হলো বিসিক এলাকার সঙ্গে পার্শ্ববর্তী আবাসিক এলাকার বিদ্যুৎ লাইন একই হওয়ায় আবাসিক এলাকায় লোডশেডিং দিলে বিসিক এলাকায় কলকারখানা বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, বিসিক এলাকায় অবশ্যই স্বতন্ত্র বিদ্যুৎ লাইন থাকা দরকার। তা ছাড়া রাজশাহীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসছে; কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, কারখানায় গ্যাস সরবরাহ করা হবে না। এ নিয়ে শিল্পোদ্যোক্তাদের উত্সাহে ভাটা পড়েছে।গত রোববার বিসিক এলাকায় গিয়ে দেখা যায়, আগের রাতের হাল্কা বৃষ্টির পানি রাস্তাঘাটে জমে আছে। ভাঙা রাস্তাগুলো কাদাপানিতে একাকার। একটি মিষ্টির কারখানার বর্জ্যের কারণে নর্দমার পাশ দিয়ে দুর্গন্ধে যাওয়াই মুশকিল। ভুক্তভোগীরা জানান, অনেক দেনদরবার করে এসব সমস্যার সুরাহা করেনি বিসিক কর্তৃপক্ষ।সেলিম আল রাহী নামের একটি কারখানার মালিক কারখানা বন্ধ করে ভেতরে বসবাস করছেন। পাশের অংশ ভাড়া দিয়েছেন। এ ব্যাপরে সেলিম বলেন, তিনি প্রথমে মুরগির খামার করেছিলেন। পরে করেন পলিথিনের কারখানা। সরকার পলিথিন বন্ধ করে দেওয়ায় তাঁর ব্যবসা বন্ধ হয়ে যায়। তিনি আর অন্য কিছু করতে পারেননি। কারখানার অংশবিশেষ ভাড়া দেওয়ার ব্যাপারে তিনি বলেন, বিসিক থেকে অনুমোদন নিয়েই ভাড়া দেওয়া হয়েছে। পরিবার নিয়ে বসবাসের ব্যাপারে তিনি বলেন, ‘যেখানেই চাষবাস সেখানেই বসবাস। দেখাশোনা করার জন্যই এখানে থাকতে হয়।’খোঁজ নিয়ে জানা গেছে, বেবি আইস কারখানায় পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন কারখানার মালিক। নূর হাবিব অটো রাইস মিলটি বন্ধ করে দিয়ে সেখানে একটি সাধারণ ধানের চাতাল করা হয়েছে। একই অবস্থা আসলাম অটো রাইস মিলের। আরও বেশ কটি কারখানার মালিক চালাতে না পেরে বাইরের লোকদের কাছে বিক্রি করে দিয়েছেন।বিসিক রাজশাহীর শিল্প-সহায়ক কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নজরুল ইসলাম বলেন, টাকা বরাদ্দ না পাওয়ায় তাঁরা কোনো উন্নয়নকাজ করতে পারছেন না। বিসিক এলাকায় সব সময় মনিটরিং করার মতো লোকবল তাঁদের নেই। কারখানা বন্ধ করে পরিবার নিয়ে বসবাস করার ব্যাপারে তিনি বলেন, এ রকম খবর তাঁদের জানা নেই। গ্যাসের ব্যাপারে তিনি বলেন, গ্যাস প্রাপ্তিসাপেক্ষে তাঁদের গ্যাস দেওয়া হবে—এমনটিই তাঁরা জানেন। এ জন্য তাঁদের কাছ থেকে একটি জমি চাওয়া হয়েছিল। তাঁরা দিতেও চেয়েছিলেন, কিন্তু পরে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।