বিসিক শিল্পনগরের সড়ক!
খুলনার বিসিক শিল্পনগরের সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই পণ্যবোঝাই ট্রাক সড়কের গর্তে আটকা পড়ছে। এ ছাড়া সারা দেশে পল্লী বিদ্যুতের সরঞ্জাম পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সড়কের কারণে পুরো শিল্প এলাকা স্থবির হয়ে পড়েছে।৪ আগস্ট দুপুরে সরেজমিন দেখা যায়, শিরোমণি শহীদ মিনার থেকে বাদামতলা পর্যন্ত প্রায় পৌনে দুই কিলোমিটার সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটি গমবাহী ট্রাক সড়কের গর্তে আটকা পড়েছে। আরেকটি ট্রাক এনে আটকে পড়া ট্রাকের মালামাল ওই ট্রাকে তোলা হচ্ছে। সড়কে বড় বড় গর্ত। কাঁদাপানিতে সড়ক একাকার হয়ে গেছে। এই শিল্প এলাকায় প্রায় ৩০টি বড় শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে। পল্লী বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় পণ্যাগারের উপপরিচালক বিশ্বনাথ শিকদার জানান, এই সড়কের দুই পাশে তাঁদের দুটি বড় গুদাম রয়েছে। বর্তমানে সড়কের বেহাল দশার কারণে সারা দেশে পল্লী বিদ্যুতের সরঞ্জাম পাঠানো কঠিন হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই মালামাল নিয়ে ট্রাক সড়কের খাদে আটকা পড়ছে। এর ফলে সময়মতো মালামাল আনা-নেওয়া করা যাচ্ছে না। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ৪৫ বছর আগে এই সড়কটি নির্মাণ করার পর তেমন কোনো সংস্কারকাজ হয়নি। প্রতিবছর বর্ষায় সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি কেডিএকে জানানো হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিপো ইনচার্জ কে এম জহুরুল ইসলাম জানান, সড়কটি খারাপ হওয়ায় তাঁদের খুলনা বিভাগের ৩০০ ডিলার ঈদের আগে এক সপ্তাহ কোনো সার নিতে পারেননি। কেডিএর প্রধান প্রকৌশলী ওয়াহিদ আজহার সড়কের বেহাল দশার কথা স্বীকার করে বলেন, সড়কটি পুনর্নির্মাণের জন্য সরকারের কাছে প্রকল্প দাখিল করা হয়েছে। প্রকল্প দ্রুত অনুমোদন করা হলে এই সংকট কেটে যাবে।