বিসিককে আরও গতিশীল করার আহ্বান শিল্পমন্ত্রীর
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনকে (বিসিক) আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিসিকের বার্ষিক সম্মেলনে সংস্থাটির কর্মকর্তাদের প্রতি তিনি এ আহ্বান জানান।
শিল্পমন্ত্রী বলেন, দেশের শিল্প উন্নয়ন ও সম্প্রসারণে অতীতে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিসিকের কর্মকাণ্ড আরও গতিশীল করতে হবে। এ ক্ষেত্রে কর্মকর্তাদের পালন করতে হবে অগ্রণী ভূমিকা। বিসিকের পুরোনো গৌরব ফিরিয়ে আনার জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে ‘বিসিকের বার্ষিক সম্মেলন-১৩’ শুরু হয়। দুই দিনব্যাপী এই সম্মেলনের আজ ছিল শেষ দিন। গতকাল সম্মেলন উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। সম্মেলনে প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের ১৭০ জন কর্মকর্তা অংশ নেন।
বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ।