বিসিককে মেধাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বাংলাদেশে বিপুলসংখ্যক নতুন শ্রমশক্তির কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার, বিকাশ ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তাঁদের মতে, সময়ের চাহিদা মেটাতে এবং দেশে কৃষিভিত্তিক আরও শিল্প-কারখানা গড়ে তুলতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনকে (বিসিক) ঢেলে সাজাতে হবে। নতুন বিসিক শিল্পনগর গড়ে তোলার পাশাপাশি পুরোনো বিসিক নগরের কত ভাগ কাজে লাগানো গেছে, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন বলে তাঁরা মত দেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রূপকল্প-২০২১ ও বিসিক: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। মন্ত্রী তাঁর বক্তৃতায় বিসিককে জ্ঞান ও মেধাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেন।বৈঠকে প্রধান বক্তা ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। বক্তব্য দেন সাংসদ আবদুল মান্নান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের বিভাগীয় প্রধান শামিমা আক্তার, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বিনিয়োগ বোর্ডের সদস্য মো. খায়রুল আনাম, অর্থনীতিবিদ খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মূল প্রবন্ধ পড়েন বিসিকের পরিচালক আবু সাদেক।