বিসিককে সব ধরনের নীতি-সহায়তা দেওয়া হবে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিল্পায়নের অভিযাত্রায় রোল মডেল হিসেবে তুলে ধরতে সরকারের পক্ষ থেকে বিসিককে সব ধরনের নীতি-সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বিসিকের অতীত, বর্তমান ও ভবিষ্যত্’ শীর্ষক দিনব্যাপী গোলটেবিল আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে আমির হোসেন আমু এ কথা জানান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আরও বলেন, বিসিকের সাংগঠনিক কাঠামো সংস্কার, জনবলের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তাদের জন্য অবকাঠামোসহ অন্যান্য সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বিসিকে অনেক ধরনের শিল্প গড়ে উঠলেও খাদ্য, পোলট্রি ও ফিশারি খাতে তেমনটি গড়ে ওঠেনি। এদিকে বিসিকের নজর দেওয়া প্রয়োজন।

আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, সরকারের উচিত ক্ষুদ্র ও কুটিরশিল্পে যথেষ্ট পরিমাণ প্রণোদনা দেওয়া।

গোলটেবিল আলোচনায় স্বাগত বক্তব্যে বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বিসিকের অতীত নিয়ে অহংকার করার মতো অনেক বিষয় আছে। কিন্তু এ খাতের কিছু দুর্বলতাও আছে। এসব দুর্বলতা খুঁজে বের করতেই এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্লানিং কমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত ও হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।