বিসিকের চার হাজারের বেশি প্লটে শিল্প প্রতিষ্ঠান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) বরাদ্দ করা প্লটগুলোর মধ্যে চার হাজার ১০১টি প্লটে কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি এসব প্লটে দ্রুত শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দিয়েছে এবং বিসিককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই তাগিদ দেওয়া হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, দেশে বিসিকের ৭৪টি শিল্পনগরে ১০ হাজার ৩৩৮টি প্লট রয়েছে। এসব প্লটের মধ্যে চলতি বছরের জুন পর্যন্ত নয় হাজার ৭৭৯টি প্লট উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে পাঁচ হাজার ৬৭৮টিতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। উৎপাদনে আছে এর মধ্যে চার হাজার ১০৪টি প্রতিষ্ঠান।
এ বিষয়ে জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি শওকত আলী প্রথম আলোকে বলেন, সার্বিক বিচারে বিসিকের কাজের অগ্রগতি ভালো। যেসব প্লটে এখনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কমিটি সেগুলোতে দ্রুত প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছে।
জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে বিসিক শিল্পনগরে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া ছাতক সিমেন্ট কারখানাকে লাভজনক করতে প্রস্তাবিত সংস্কারকাজ ও নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়। বৈঠকে বুড়িগঙ্গা নদীর দূষণ রোধে হাজারীবাগের ট্যানারি শিল্পকে নির্দিষ্ট সময়ের মধ্যে সাভারে স্থানান্তরের সুপারিশও করা হয়।
কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুল কুদ্দুস, হাবিবর রহমান, আবদুর রউফ ও নাভানা আক্তার অংশ নেন।