বিসিকের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের পণ্য নেই
নকশাকেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সৃষ্টিতে সহায়তা করার জন্য জেলা পর্যায়ে ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার আয়োজন করে ঠাকুরগাঁওয়ের শিল্প সহায়ক কেন্দ্র বিসিক। কিন্তু স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে ঠাকুরগাঁও বিসিকের যে আয়োজন, সেই ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় স্থানীয় উদ্যোক্তাদেরই পণ্যের প্রদর্শন নেই।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে শুরু হয় বিসিক আয়োজিত সাত দিনব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। মেলা উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মো. হযরত আলী।
গতকাল বিকেলে মেলায় গিয়ে দেখা যায়, দর্শক-ক্রেতাদের স্বাগত জানাতে তৈরি করা হয়েছে তোরণ। মাঠের চারদিক ঘিরে রয়েছে সারি সারি ৪৮টি স্টল। স্টলে রয়েছে চারটি তৈরি পোশাক, কম্বল, অঙ্গসজ্জা ও গৃহস্থালির পণ্য, গহনা, মেয়েদের ব্যাগ, খেলনা, জুতা-স্যান্ডেল, আচার ও খাবারের পণ্য। কোনো কোনো স্টল নির্মাণের কাজ চলছে। এখনো ১৪টি স্টল ফাঁকা রয়েছে। স্টলগুলোতে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বলতে অনন্যা হস্তশিল্পের তৈরি পোশাক ও থ্রি স্টার ফ্লাওয়ার মিলের আটা-ময়দা ছাড়া তেমন কোনো পণ্য দেখা যায়নি।
সদর উপজেলার আবদুর রশিদ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক কামরুল ইসলাম বলেন, ‘এসব মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার, প্রসার ও বিপণনে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু বিসিক আয়োজিত এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য না থাকায় তাঁরা এ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।