বিসিবির নির্বাচনের তারিখ পরিবর্তনের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ঘোষিত তফসিল অনুসারে ১০ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ফলে ওই দিন নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

একই সঙ্গে আপিলে পক্ষভুক্ত হতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর আবেদন নথিভুক্ত করা হয়েছে।

আদালতে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। মূল রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম।

বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, শেখ ফজলে নূর তাপস ও মেহেদী হাসান চৌধুরী।

সাবের হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিনউদ্দিন।

পরে একরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য রিট আবেদনকারীপক্ষ আবেদন করেছিল। আপিল বিভাগ আবেনটি খারিজ করে দিয়েছেন। তাই ১০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই।

আইনজীবী এ এম আমিনউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, আদালত নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন।

আদালত সূত্র জানায়, রিট আবেদনকারীপক্ষ নির্বাচনের তফসিল পরিবর্তন চেয়ে গত বুধবার আবেদনটি করে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আপিল বিভাগের রায়ে এখন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না। তবে এ ব্যাপারে আমরা বিস্তারিত জানাব রায়ের কপি হাতে পাওয়ার পর।’