বিসিবির পরিচালক মাহবুবুল আনামের সম্পদের হিসাব চেয়েছে দুদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনামের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠিতে দুদক বলেছে, প্রাথমিক অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার তথ্য মেলায় এই নোটিশ দেওয়া হয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশ তাঁর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। নোটিশে তাঁকে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে–বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাঁর নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর–অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে মোট সাড়ে ৬২ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানা যায়। দুদকের উপপরিচালক মো. মঞ্জুর আলম মাহবুবুল আনামের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান করছেন।
সূত্র জানায়, দুদকের অনুসন্ধানে মাহবুবুল আনামের ৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর সম্পদ, ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে ওই সম্পদ অর্জনের গ্রহণযোগ্য তথ্যপ্রমাণ না পাওয়ায় দুদক চিঠি দেয়।
এ বিষয়ে বক্তব্য নিতে মাহবুবুল আনামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।