বিস্কুট খেয়ে ৩৩ শিক্ষার্থী অসুস্থ
বিশ্ব খাদ্য সংস্থার সরবরাহ করা প্রোটিন বিস্কুট খেয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের ১১ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোরাইরঘু রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটজন এবং গত মঙ্গলবার অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী বিস্কুট খেয়ে অসুস্থ হয়। গোরাইরঘু রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বেগম বলেন, বিষয়টি আরডিআরএসের মনিটরিং কর্মকর্তা আবুল বাশারকে জানানো হয়েছে। অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি বলেন, মঙ্গলবার বিদ্যালয়ে কমপক্ষে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের প্রত্যেককে এক প্যাকেট করে প্রোটিন বিস্কুট দেওয়া হয়।অভিভাবক সূত্রে জানা গেছে, বিস্কুট খেয়ে বাড়ি যাওয়ার পথে শিক্ষার্থীরা বমি করতে থাকে। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নজরুল ইসলাম বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, উলিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শাজাহান মিয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।