জমি ও শ্রেণিকক্ষ দখল হওয়া ঢাকার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিস্তারিত তথ্য চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চলতি সপ্তাহের মধ্যে এ তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল রোববার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে এই তথ্য সংগ্রহের নির্দেশ দেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত ‘২৮ স্কুলে দখলদারদের থাবা’ শীর্ষক সংবাদ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই নির্দেশ দেন বলে জানান ওই কর্মকর্তা। ওই প্রতিবেদনে ঢাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও শ্রেণিকক্ষ বেদখলের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গাজমি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরাও গতকাল ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জমি বেদখল হওয়া বিদ্যালয়গুলোর তালিকা নিয়ে গেছেন। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইন কর্মকর্তা ঢাকার বিদ্যালয়গুলোর সমস্যা উল্লেখ করে থানাভিত্তিক বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
চম্পা-পারুল নিয়ে তদন্ত কমিটি: মিরপুরের চম্পা-পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল হওয়ার ঘটনা তদন্তের জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সন্তোষ কুমার অধিকারীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রথম আলো এই বিদ্যালয়টি নিয়েও প্রতিবেদন করে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাপ্তান বাজারের খোদাবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা ছাগলের হাট উচ্ছেদের দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি কোনো স্থায়ী হাট নয়। এ বিষয়ে মাংস ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বারবার উচ্ছেদের আবেদন করা হয়েছে।