টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। ডুবে গেছে ফসলি জমি। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। অনেক জায়গায় বাঁধ ভেঙে গেছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নতুন এলাকা প্লাবিত: টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের টেকনাফে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ও রাস্তাঘাট কোমরপানিতে ডুবে গেছে।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোট ভাকলা ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।প্রবল বর্ষণ ও যমুনা নদীর পানি বাড়ার কারণে বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার যমুনা নদীতীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।শেরপুরের নালিতাবাড়ীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ভোগাই নদের বাঁধ ভেঙে ও চেল্লাখালী নদীর পানি বেড়ে যাওয়ায় পৌরসভার নয়টি ওয়ার্ডসহ ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।পাহাড়ধসের আতঙ্ক: টেকনাফের হ্নীলা এলাকার বাসিন্দারা জানান, পাহাড়ধসের আতঙ্কে এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। বাঁধের ক্ষতি: পাউবোর কর্মকর্তারা জানান, বরগুনার দুই কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ সম্পূর্ণ ও ১ দশমিক ৬০ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার গড়কান্দা, নিজপাড়া ও বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা এলাকার চারটি স্থানে ভোগাই নদের তীর রক্ষা বাঁধ ভেঙে গেছে। সন্ন্যাসীভিটা বাজার এলাকায় চেল্লাখালী নদীর বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে।ফসলহানি: বরগুনা সদরের বেশির ভাগ এলাকার ফসলি জমি কোমরপানিতে তলিয়ে গেছে। দিশেহারা কৃষকেরা আমনের বীজতলা রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।গোয়ালন্দ উপজেলা কৃষি অফিস জানায়, নিম্নাঞ্চলের ৩৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে।সিরাজগঞ্জের নয়টি উপজেলায় ঢল ও বৃষ্টির পানিতে আমনের জমি পানিতে তলিয়ে গেছে। বেসরকারি হিসাবে প্রায় তিন হাজার হেক্টর জমির আমন ধানের চারা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক দুলাল কৃষ্ণ সাহা বলেন, মোট ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ১৬০০ হেক্টর জমির চারা পানিতে নিমজ্জিত হয়েছে।কয়েক দিনের টানা বর্ষণে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নিচু এলাকার ধানের খেত ডুবে গেছে। সদ্য রোপণ করা আমনের চারা পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অর্ধসহস্রাধিক পুকুর ও ম ৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। ম ৎস্যচাষিরা বলেন, এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।নোয়াখালীর হাতিয়া ও কোম্পানীগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য খামারের মাছ ভেসে গেছে। শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলের পানিতে পৌরসভাসহ চারটি ইউনিয়নের ৫০০ হেক্টর জমির রোপা আমন পানির নিচে তলিয়ে গেছে।পানিবন্দী: সাতক্ষীরার তিনটি উপজেলার ২৭টি ইউনিয়নের তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।সিরাজগঞ্জ শহরের গোসালা, আমলাপাড়া, সয়াধানগড়া এলাকার সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।টানা বর্ষণে বগুড়া শহরজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অধিকাংশ সড়কে হাঁটু থেকে কোমরপানি।গত শনিবারের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁকখালী নদী, রেজু খাল, সোনাইছড়ি ও কালীরছড়া খালে পানি বেড়ে যাওয়ায় কক্সবাজারের রামু উপজেলার প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত পাঁচ দিন ধরে তারা মানবেতর দিন কাটাচ্ছে।পানিতে ডুবে মৃত্যু: কক্সবাজারের রামু উপজেলায় গত সোম ও মঙ্গলবার পানিতে ডুবে দুজন মারা গেছে।চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী শঙ্খ ব্রিজ এলাকায় গতকাল বুধবার পারভেজ (১১) নামের একটি শিশু পানিতে ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।