বিস্তীর্ণ এলাকা প্লাবিত, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির সঙ্গে দমকা বাতাসে গতকাল যশোরের কেশবপুরের মধ্যকুল এলাকায় মহাসড়কের পাশে আশ্রয় নেওয়া এই পরিবারগুলোর ঘরের পলিথিন উড়ে গেছে। ভিজে গেছে সবকিছু। উপায় না পেয়ে মানবেতর দিনযাপন করছেন তাঁরা l প্রথম আলো
বৃষ্টির সঙ্গে দমকা বাতাসে গতকাল যশোরের কেশবপুরের মধ্যকুল এলাকায় মহাসড়কের পাশে আশ্রয় নেওয়া এই পরিবারগুলোর ঘরের পলিথিন উড়ে গেছে। ভিজে গেছে সবকিছু। উপায় না পেয়ে মানবেতর দিনযাপন করছেন তাঁরা l প্রথম আলো

শনিবার থেকে টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে ফসলের খেত। একই সঙ্গে ভোলা ও বরগুনায় জোয়ারের পানিতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ভারী বর্ষণে  পটুয়াখালী জেলা শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। শহরের জেলা প্রশাসকের কার্যালয়–সংলগ্ন সড়ক থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ভারী বর্ষণে পটুয়াখালী জেলা শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। শহরের জেলা প্রশাসকের কার্যালয়–সংলগ্ন সড়ক থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভা সূত্র জানায়, পৌর এলাকার পালং বাজার, মনোহর বাজার, আঙ্গারিয়া বাজারসহ ২০টি মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখা হয়েছে।
পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, পৌরসভার অর্থসংকটের কারণে আগে পর্যাপ্ত ড্রেন নির্মাণ করা সম্ভব হয়নি। এখন ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অপরিকল্পিতভাবে পৌর এলাকার ডোবা, নালা ভরাট করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
ভোলা: এলাকাবাসী জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে ভোলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোলা শহরের রাস্তায় হাঁটুসমান পানি। ঝোড়ো বাতাসে শতাধিক কাঁচা ঘর ও গাছ ভেঙে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে গতকাল বিকেল পর্যন্ত অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন ছিল।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও গতকাল কোনো অংশ ভেঙে যায়নি। তবে আগে থেকে ভোলার রাজাপুর, পূর্ব-ইলিশা ভাঙা বন্যানিয়ন্ত্রণ বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকলেও তা নামতে পারছে না। এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির পানি।

বরগুনা: এলাকাবাসী জানান,জোয়ার ও বৃষ্টির পানিতে অন্তত ৫৫টি গ্রামের ১ লাখের বেশি মানুষ পানিবন্দী। ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, ‘কয়েক দিন ধরে অতিরিক্ত জোয়ারের কারণে বেশ কয়েকটি স্থানের বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়েছি। খোঁজ নিয়ে এসব এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেব।’

নড়াইল: সরেজমিন দেখা গেছে, নগরের প্রায় ১৫টি রাস্তায় পানি উঠেছে। মহিষখোলা, উজিরপুর, দুর্গাপুর, ভাটিয়াসহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবার পানিবন্দী।

পৌর মেয়র মোহম্মদ জাহাঙ্গীর বিশ্বাস বলেন, মহিষখোলা এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা না রেখে সরকারি আবাসন প্রকল্পের কাজ শুরু করা ঠিক হয়নি। এ কারণে ওই এলাকার ৫০-৬০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

পটুয়াখালী: খেপুপাড়া রাডার স্টেশন সূত্র জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী নদীবন্দরকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক আবদুল রাজ্জাক জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ ২২টি পথে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যশোর: এলাকাবাসী জানান, অব্যাহত ভারী বর্ষণে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ভবদহ অঞ্চলের পানিবন্দী মানুষেরা। সেখানে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী।

অভয়নগর উপজেলার রাজাপুর গ্রামের গৃহবধূ সুলতা রায় বলেন, ‘দুদিনের বৃষ্টিতে ঘরে জল উঠে গেছে। পরিবারের সবাইকে নিয়ে রাস্তার ওপর থাকছিলাম। গতকালের বৃষ্টিতে রাস্তার ওপরও থাকা যাচ্ছে না।’

কেশবপুর (যশোর): উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার বলেন, কেশবপুর পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়ন জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে ৪ হাজার ৭৬৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২টি আশ্রয়শিবিরে ১ হাজার ১৫৪টি পরিবার আশ্রয় নিয়েছে।

যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল রাস্তার পাশে আশ্রয় নেওয়া রাহিদা খাতুন (৬০) বলেন, ‘বাবা, একটি পলিথিন দেও, আর কিছু চাইনে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, ‘খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া পরিবারের জন্য পলিথিন কিনতে দিয়েছি। আজ (গতকাল) রাতেই সব পরিবারকে পলিথিন দেওয়া হবে।’