অস্বাভাবিক জোয়ারের প্রবল চাপে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর পাড়ের মেহেন্দীয়াবাদ গ্রামের বাঁধের একটি পয়েন্ট ভেঙে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পাঁচটি পয়েন্ট। এ ছাড়া কলাপাড়া উপজেলার আন্দার মানিক নদীর তীরের মিঠাগঞ্জ গ্রামসংলগ্ন বেড়িবাঁধের একটি পয়েন্ট ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে লোনাপানি ঢুকে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। মৌসুমী বায়ু ও পূর্ণিমার প্রভাবে গত সোমবার থেকেই জোয়ারের সময় নদ-নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। গত বুধবার দুপুরে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং প্রবল বেগে আছড়ে পড়ে বাঁধের ওপর। মির্জাগঞ্জের মেহেন্দীয়াবাদ গ্রামের আবদুল সিকদারের বাড়ির সামনে ৪১/৭ নম্বর পোল্ডারের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট জোয়ারের পানির চাপে ভেঙে যায়। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, খরস্রোতা পায়রা নদীর ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে চরখালী গ্রামের ৪১/৭ নম্বর পোল্ডারের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ বারবার বিধ্বস্ত হচ্ছে। সিডরে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পর এক কোটি টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু আইলার জলোচ্ছ্বাসে আবারও সেই বাঁধ বিধ্বস্ত হয়। এলাকার আনোয়ার হোসেন খাঁ জানান, পূর্ণিমার জোয়ারেই বাঁধের একটি পয়েন্ট ভেঙে গেছে। দুই সপ্তাহের মধ্যে ঝুঁকিপূর্ণ পাঁচটি পয়েন্ট মেরামত না করলে অমাবস্যার জোয়ারে সেগুলোও ভেঙে যাবে। ফলে তাঁদের দেউলীসুবিদখালী ইউনিয়নের প্রায় ১২ হাজার হেক্টর ও পার্শ্ববর্তী কাকড়াবুনিয়া ইউনিয়নের প্রায় পাঁচ হাজার হেক্টর খেত তলিয়ে যাবে। কৃষকেরা আউশ বীজতলা করতে পারবেন না। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোবারক আলী মুন্সি জানান, বাঁধ ভেঙে এখন জোয়ারের পানির প্লাবনে তলিয়ে যাচ্ছে কৃষিজমি। অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে কলাপাড়া উপজেলার আন্দার মানিক নদী তীরের মিঠাগঞ্জ গ্রামসংলগ্ন প্রায় ৩০ ফুট চওড়া বাঁধটির নিচের অংশ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে চারটি গ্রাম। মিঠাগঞ্জ, বাইশাখলা, পূর্বমধুখালী ও ছোট বালিয়াতলী গ্রামের পাঁচ শতাধিক কৃষকের রবিশস্য নষ্ট হয়ে গেছে। পুকুর, রবিশস্যের খেত, বাড়িঘর এবং খালে লোনাপানি এখন থইথই করছে। আমতলী-কলাপাড়ার সীমান্তবর্তী কচুপাত্রা দোন নদীর পানি জোয়ারের সময় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে প্রায় ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। মিঠাগঞ্জ গ্রামের কৃষক আবদুর রহমান (৪২) বলেন, তাঁর চার বিঘা জমির ডাল নষ্ট হয়ে গেছে। এলাকার ছলেমান মিয়া বলেন, গত সোমবার দুপুরে বাঁধটি ভেঙে নিচের অংশ দিয়ে প্রবল বেগে লোনাপানি প্রবেশ করে খাল-বিল সব ডুবে গেছে। তিনি জানালেন, তাঁর পুকুর ডুবে পানি নষ্ট হওয়ার পাশাপাশি মাছও ভেসে গেছে।পটুয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান বলেন, পায়রা নদীর প্রবল স্রোতে ও জোয়ারের পানির চাপে বেড়িবাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৪১/৭ নম্বর পোল্ডারের বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাপাড়ার মিঠাগঞ্জের বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ওই বাঁধের নিচ দিয়ে পানি চলাচল করত। জোয়ারের পানির প্রবল চাপে ভেঙে গেছে। পানি কমলেই মেরামত করে আটকে দেওয়া হবে।