
রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার বিচারকাজ শেষ হলেও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি ঝুলে আছে সাক্ষী না আসায়। দফায় দফায় সমন দিলেও সাক্ষীরা সাক্ষ্য দিতে আসছেন না। গত দুই বছরে মাত্র দুজন সাক্ষ্য দিয়েছেন।
হত্যা মামলায় ২০১৪ সালে মুফতি আবদুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় আছে।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন। ২৪ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এ মামলার চার আসামি এখনো পলাতক।
মামলাটির বিচারকাজ ঝুলে থাকার বিষয়ে ঢাকার মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, একটি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ায় সাক্ষীরা এ মামলায় সাক্ষ্য দিতে আগ্রহ দেখাচ্ছেন না।
আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) শুনানির জন্য হাইকোর্টে আছে। তিনিসহ আসামিপক্ষের অন্য আইনজীবীরা অভিযোগ করেন, রাষ্ট্রপক্ষ সাক্ষীদের হাজির না করে মামলা ঝুলিয়ে রাখছেন।
তবে এ অভিযোগের বিষয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাক্ষীদের হাজির করতে দফায় দফায় সমন দেওয়া হয়েছে। তবে সাক্ষীরা আসছেন না।
আদালত সূত্র বলেছে, ২০০১ সালে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার রায় হয়েছে ওই হামলার প্রায় ১৩ বছর পর ২০১৪ সালের ২৩ জুন। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। ডেথ রেফারেন্স হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, ২০০৯ সালে এই মামলায় প্রথম অভিযোগ গঠন করার পর সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি একটি ধারা সংশোধন করে নতুন করে অভিযোগ গঠন করা হয়। এরপর গত দুই বছরে মাত্র দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় ৮০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত নয়জন সাক্ষ্য দিয়েছেন।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় পুলিশ রমনা থানায় মামলা করে। ২০০৬ সালের ১৯ নভেম্বর এ মামলায় মুফতি আবদুল হান্নান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ঘটনার জট খোলে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলার তদন্তে গতি সঞ্চার হয়। ২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে ওই ঘটনায় দুটি অভিযোগপত্র দেয়৷ এর একটি হত্যা ও অপরটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে।
এই ১৪ আসামির মধ্যে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মুফতি হান্নান, মাওলানা আকবর হোসাইন ওরফে হেলাল উদ্দিন, আরিফ হাসান ওরফে সুমন ওরফে আবদুর রাজ্জাক, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মাওলানা তাজউদ্দিন (সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই) এবং হাফেজ জাহাঙ্গীর আলম ওরফে ওস্তাদ জাহাঙ্গীর বদর। এঁদের মধ্যে প্রথম চারজন কারাগারে এবং শেষোক্ত চারজন পলাতক৷ অপর ছয় আসামিকেই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কারাগারে আটক এই ছয় আসামি হলেন হাফেজ আবু তাহের, মাওলানা সাব্বির ওরফে আবদুল হান্নান, হাফেজ ইয়াহিয়া, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আবদুর রউফ ও শাহাদাত উল্লা ওরফে জুয়েল৷