সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী জামিন পেয়েছেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ জামিন দেন।
আরিফুলের আইনজীবী আবদুল হালিম কাফী বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যার অভিযোগে একটি এবং বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলা করা হয়। হত্যার অভিযোগে করা মামলায় আরিফুল আগে হাইকোর্ট থেকে জামিন পান। আপিল বিভাগে বহাল থাকে। এখন তাঁর কারাগার থেকে মুক্তিতে আইনগত কোনো বাধা নেই। অবশ্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।