বিস্ফোরক মামলায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় ছয়জনকে অভিযুক্ত করে দাখিল করা অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। গতকাল সোমবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ নম্বর আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী তিন আসামির উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন।
আগামী ২ আগস্ট হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া পৃথক দুটি মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান। অভিযোগ গঠনের সময় বোমা হামলা মামলার আসামি মুফতি হান্নান, নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত উল্লাহ জুয়েল এবং সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাশেম আদালতে উপস্থিত ছিলেন। শওকত উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। অপর তিন আসামির মধ্যে দুই ভাই আনিসুল মোরসালিন ও মাহবুব মোত্তাকিন ভারতের কারাগারে আটক রয়েছেন। আরেক আসামি ওবায়দুল হক পলাতক।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান বলেন, বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। এর মধ্যে তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এক বছর আগে ওই ছয় আসামির বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়। আদালত শুনানি শেষে ২ আগস্ট পৃথক ওই দুটি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগের অফিসে সাংসদ শামীম ওসমানের পূর্বনির্ধারিত গণসংযোগ কর্মসূচি চলাকালে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এতে ২০ জন নিহত হন। আহত হন শামীম ওসমানসহ অর্ধশতাধিক নেতা-কর্মী। ওই বোমা হামলার পরদিন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন। চারদলীয় জোট সরকারের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
এ ছাড়া বোমা হামলায় নিহত ফুটপাতের পিঠা বিক্রেতা হালিমা বেগমের ছেলে কালাম বাদী হয়ে শামীম ওসমান ও তাঁর দুই ভাইসহ অনেককে আসামি করে মামলা দায়ের করেন। ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে উচ্চ আদালত কালামের দায়ের করা মামলাটি খারিজ করে খোকন সাহার মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষে ২০১৩ সালের ২ মে ছয়জনকে আসামি করে দুই মামলাতেই অভিযোগপত্র দাখিল করে। ওই দুটি মামলার বাদীসহ সাতজনকে সাক্ষী করা হলেও চলতি বছরের ২১ জানুয়ারি বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পূরক অভিযোগপত্রে আগের অভিযোগপত্রভুক্ত আসামি অভিন্ন রেখে শুধু সাক্ষীর সংখ্যা বাড়ানো হয়। সম্পূরক অভিযোগপত্রে আটজন তদন্তকারী কর্মকর্তার পাশাপাশি আরও ৩৭ জনকে সাক্ষী করা হয়েছে।