বিস্ফোরক মামলায় ফখরুলসহ ৩৬ নেতার বিরুদ্ধে শুনানি ৩ মার্চ
বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে আগামী ৩ মার্চ। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ২ মার্চ বিএনপি নয়াপল্টন কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করেছে পুলিশ। গত বছরের ৩১ এপ্রিল এ মামলায় মির্জা ফখরুল, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাসসহ বিএনপির ৩৬ জন নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
গতকাল এ মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা, শুনানি ও আসামির উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, গতকাল মির্জা ফখরুলসহ কয়েকজনের পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করেন এবং আগামী ৩ মার্চ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
গতকাল মামলার আসামি মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, বরকতউল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, সুলতান সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে মির্জা আব্বাস ও শহীদ উদ্দিন চৌধুরী অন্য মামলায় কারাগারে আছেন। তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।