বিস্ফোরক মামলায় বিএনপির ১২ নেতা কর্মী কারাগারে
বিস্ফোরক মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির আহ্বায়ক সরফরাজ কাদেরসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বছরের ১০ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল চলাকালে বন্দরটিলা কসাই গলির মুখে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আকরামুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ মে ৩১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আদালত সূত্র জানায়, মামলার পলাতক ১২ আসামি সরফরাজ কাদের, মো. বারেক, হাসান মুরাদ, শাহজাহান, মো. নওশাদ, আনোয়ার জাহেদ, মো. জালাল, মো. সাইফুল, জাহিদ হোসেন, মো. ওযায়েফ, মো. জাবেদ ও মো. মিজানুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনে আছেন তিনজন। বাকিরা পলাতক রয়েছেন। আসামিদের মেধ্য সরফরাজ কাদের চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।