রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় আসামিদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ গঠন করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।
গতকাল রোববার সম্পূরক অভিযোগ গঠন করে ২১ সেপ্টেম্বর বাকি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া বলেন, এই মামলায় ২০০৯ সালের ১৬ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ বিস্ফোরক আইনের ৩ ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ২৬ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর ৪ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩ ধারার সঙ্গে ৬ ধারা যুক্ত করার আবেদন করা হয়। গতকাল আদালত ৬ ধারা যুক্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
এর আগে গত ২৩ জুন ওই ঘটনায় করা হত্যা মামলার রায় দেন আদালত। তাতে হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) অন্যতম শীর্ষ নেতা মুফতি হান্নানসহ আটজনকে ফাঁসি এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে এ বোমা হামলার ঘটনা ঘটে৷ এতে ১০ জন নিহত হন৷ এ ঘটনায় রমনা থানায় মামলা করে পুলিশ৷ পরে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে সিআইডি আদালতে এ ঘটনায় দুটি অভিযোগপত্র জমা দেয়। এর একটি হত্যা, অপরটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে৷
মুফতি হান্নান ছাড়া বাকি আসামিরা হলেন হুজি-বির মাওলানা আকবর হোসাইন, আরিফ হাসান ওরফে সুমন, হাফেজ আবু তাহের, মাওলানা সাব্বির, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মুফতি আবদুর রউফ, শাহাদাত উল্লা ওরফে জুয়েল, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম ওরফে ওস্তাদ জাহাঙ্গীর বদর ও মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার৷ তাঁদের মধ্যে শেষ পাঁচজন পলাতক, বাকিরা কারাগারে আছেন৷