বিস্ফোরক মামলায় হারুন ইজাহার কারাগারে
বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের ছেলে হারুন ইজাহারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম।
ছয়টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হারুন ইজাহার। পরে কারাফটক থেকে তাঁকে আবার আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, ২০১৩ সালের ৬ মে কোতোয়ালি এলাকায় বিস্ফোরক ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় হারুন ইজাহারের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। এ জন্য ওই মামলায় তাঁকে আসামি করে আদালতে পাঠানো হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, হারুন ইজাহারকে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৩ সালের ৭ অক্টোবর নগরের লালখান বাজার এলাকায় মুফতি ইজাহার ও হারুন ইজাহারের পরিচালানাধীন একটি মাদ্রাসায় দুটি কক্ষে বোমা বিস্ফোরণে দুই মাদ্রাসা ছাত্রসহ তিনজন নিহত হন। এ ঘটনায় হত্যা, বিস্ফোরক ও অ্যাসিড আইনে খুলশী থানায় তিনটি মামলা করে পুলিশ। এসব মামলা ছাড়াও একই বছরের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া পল্টন থানার তিনটি মামলায়ও হারুন ইজাহারকে গ্রেপ্তার দেখায় পুলিশ। লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের দুই দিন পর তাঁকে গ্রেপ্তার করা হয়।