২৭ জানুয়ারি ১৯৫২, পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ঢাকার পল্টন ময়দানে এক বক্তৃতায় বেশ আস্থার সঙ্গেই বলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হতে যাচ্ছে।’ এটুকু বলেই তাঁর শান্তি হয়নি। তিনি পূর্ববঙ্গবাসী মানুষকে আরও জানিয়ে দেন, পাকিস্তানকে তাঁরা ‘এছলামি রাষ্ট্র’ হিসেবে গড়ে তুলতে যাচ্ছেন। সে ক্ষেত্রে ‘প্রাদেশিকতা’ পাকিস্তানি সংহতির বিরোধী। ভাষা আন্দোলন তাঁদের মতে প্রাদেশিকতাকে উসকে দেবে।
সম্ভবত ভাষা প্রসঙ্গে তাঁর বক্তব্যের আরও গুরুত্ব আরোপ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উর্দু রাষ্ট্রভাষা-বিষয়ক এ বক্তব্য তাঁর একার নয়, কথাটি তাঁদের ‘কায়েদে আজমের’। এই বলে উর্দু রাষ্ট্রভাষার ঘোষণাটিকে তিনি পাকিস্তানের স্থপতি প্রয়াত মোহাম্মদ আলী জিন্নাহর ওপর চাপিয়ে দেন। কিন্তু তিনি বুঝতে পারেননি, সময়টা ১৯৪৮ সাল নয়। আর রাষ্ট্রভাষার বিতর্কে ইতিমধ্যে বুড়িগঙ্গায় অনেক পানি বয়ে গেছে।
জিন্নাহর উর্দু রাষ্ট্রভাষা ঘোষণার পর একাধিক ঘটনা ভাষা আন্দোলনের পক্ষে সমাজে সচেতনতা তৈরি করেছে। সেসব ঘটনা শাসকদের হাতে ছোড়া তির এবং সেগুলোর প্রতিটিই রাষ্ট্রভাষা আন্দোলনের শক্তিশালী ভিত তৈরি করতে সাহায্য করেছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের বৈনাশিক গুরুত্ব তিনি না বুঝলেও পূর্ববঙ্গীয় মুসলিম লীগের দু-একজন শীর্ষস্থানীয় নেতা যে কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন, ভাষা আন্দোলনের ইতিহাস তেমন কথাই বলে। তাঁর সেদিনের বক্তৃতা যে তাঁদের বিরুদ্ধেই কতগুলো উপকরণ সরবরাহ করেছিল, প্রমাণ মেলে খাজা সাহেবের আরও বক্তব্যে। আরবি হরফে বাংলা লেখার বিরুদ্ধে পূর্ববঙ্গীয় ছাত্রসমাজের তীব্র প্রতিক্রিয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এ তৎপরতা বন্ধ করেনি। এ সম্পর্কে বাঙালি শিক্ষিত শ্রেণির মধ্যেও ছিল বিরূপতা। কিন্তু কেন্দ্রীয় সরকার সেসব বিরোধিতার গুরুত্ব উপলব্ধি করতে পারেনি। নিজেদের শক্তির ওপর তাদের এতই আস্থা।
আর সেই শক্তির ওপর নির্ভর করেই বোধ হয় প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন বলেন, ইতিমধ্যে পূর্ব পাকিস্তানে আরবি হরফে বাংলা লেখার অনেকগুলো প্রকল্প সফল হয়েছে। এ ধরনের শিক্ষাদান-পদ্ধতি জনসাধারণ খুশিমনে গ্রহণ করেছে। এ তথ্য তিনি কোন সূত্রে পেয়েছিলেন, তা আমাদের জানা নেই, তবে এগুলো ছিল পুরোপুরি ভুল তথ্য। মনে হয়, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য তিনি এ ধরনের বানোয়াট কথা বলেছিলেন।
বাস্তবে এসব বক্তব্য ছিল ভাষা আন্দোলনের মৌচাকে একাধিক ঢিল ছোড়ার মতো। রাষ্ট্রভাষা বাংলার পক্ষে বিগত প্রায় চার বছরে তৈরি ছাত্রমানস দেরি করেনি প্রতিক্রিয়া প্রকাশে। মুসলিম লীগের দু-একজন নেতার আশঙ্কা সত্য প্রতিপন্ন করে বিক্ষোভ শুরু হয়ে গেল। এতে বিশেষভাবে অংশ নেয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, যে সংস্থার আহ্বায়ক ছিলেন ভাষাসংগ্রামী আবদুল মতিন।
পূর্ব পাকিস্তান যুবলীগও ছাত্রজনতাকে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন শুরু করার আহ্বান জানায়। যত দূর জানি, মেডিকেল কলেজের রাজনীতিসচেতন ছাত্রসমাজেও এ বিষয়ে প্রতিক্রিয়া দেখা দেয় এবং কলেজ ছাত্র ইউনিয়ন বিষয়টি নিয়ে আলোচনায় বসে। একাধিক ছাত্রাবাসেও ছিল অনুরূপ প্রতিক্রিয়া।
আর্টস বিল্ডিং প্রাঙ্গণে ছাত্রসভা (২৯ জানুয়ারি), পরদিন ছাত্র ধর্মঘট এবং ৩১ জানুয়ারি বার লাইব্রেরিতে মাওলানা ভাসানীর সভাপতিত্বে ছাত্রযুব কর্মিসভায় ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠনের মধ্য দিয়ে আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়ে যায়। রাজনৈতিক মহলও সচেতন হয়ে ওঠে। প্রতিক্রিয়ার ধারা ক্রমেই শক্তিমান হয়ে ওঠে।
একটি বক্তৃতা এভাবে তিন সপ্তাহের মধ্যেই একটি বিস্ফোরক আন্দোলনের জন্ম দেয়, যে আন্দোলন পরিচিতি পায় একুশের আন্দোলন হিসেবে।