বিস্ফোরণে আহত মা-ছেলের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিস্ফোরণে আহত একই পরিবারের তিনজনের মধ্যে গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন সেলিনা বেগম ও তাঁর ছেলে স্কুলছাত্র অনীক (১২)।
সোমবার ফতুল্লার লালখাঁ এলাকায় পয়োনিষ্কাশনের লাইনে গ্যাস জমে বিস্ফোরণ হলে একটি ওষুধের দোকান এবং একটি মুদি দোকানের ব্যাপক ক্ষতি হয়। ওই ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন আহত হন। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছেলে অনীক এবং বিকেলে মা সেলিনা বেগমের মৃত্যু হয়। সেলিনা বেগমের মেয়ে পপির অবস্থাও আশঙ্কাজনক। অনীক স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মা ও ছেলের মৃত্যুর বিষয়টি অনীকের চাচাতো ভাই মজিবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চিকিৎসাধীন পপির অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৬০ ভাগের বেশি দগ্ধ হয়েছে।