চট্টগ্রামে চুলার গ্যাস থেকে বিস্ফোরণ বলে পুলিশের ধারণা। দাদি, নাতি–নাতনি দগ্ধ
বিস্ফোরণে কেঁপে উঠল পুরো ভবন

ভোরে বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে কেঁপে ওঠে পুরো ভবন। ৩৫টি ফ্ল্যাটের ছয়তলা ভবনের বেশির ভাগ বাসিন্দা তখন ঘুমিয়ে। ভূমিকম্প ভেবে হুড়মুড় করে যে যেভাবে পারেন, বাইরে বেরিয়ে আসেন। কী ঘটেছে তা নিয়ে সবার চোখেমুখে ভয়, আতঙ্ক। তখন ভবনের দিকে তাকিয়ে দেখেন, তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন জ্বলছে। চট্টগ্রাম নগরের বাকলিয়ার দেওয়ান বাজার নিরাপদ হাউজিং সোসাইটির মাদ্রাসা ভবনের (মাদ্রাসা নয়, আবাসিক ভবন) বাসিন্দাদের কাছে গতকাল শুক্রবারের ভোর এমনই বিভীষিকা হয়ে এসেছিল।
বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে ছয়তলা ভবনের তৃতীয় তলার দুই পাশের দেয়ালের বড় একটি অংশ ভেঙে পাশের দুটি ভবনের গায়ে আঘাত করে। ভবনের ৩৫টি ফ্ল্যাটের মধ্যে ১৮টির দরজা-জানালা ভেঙে যায়। অন্য ফ্ল্যাটগুলোর দরজা-জানালাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তৃতীয় তলার ওই ফ্ল্যাটের কিছু আসবাব উড়ে গিয়ে পাশের ভবনের বারান্দার গ্রিলে গিয়ে আটকে ছিল।
বিভীষিকার মধ্যেই ভবনের বেশির ভাগ বাসিন্দা জানতে পারেন, তৃতীয় তলার যে ফ্ল্যাটে আগুন দেখেছেন তাঁরা, সেই ফ্ল্যাটের তিন বাসিন্দা (দাদি, নাতি ও নাতনি) গুরুতর দগ্ধ হয়েছেন। এ ছাড়া হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন ভবনের বিভিন্ন ফ্ল্যাটের আরও অন্তত পাঁচ বাসিন্দা।
বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, ঘরের ভেতর জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, গ্যাসের চুলা রাতে বন্ধ করা হয়নি। দরজা-জানালা বন্ধ থাকায় চুলা থেকে বের হওয়া গ্যাস রান্নাঘরেই আটকে ছিল।
বিস্ফোরণের কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করে। পরে পুলিশের ক্রাইম সিন ইউনিট, বোমা বিশেষজ্ঞ দল, গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থলে যান। ভবন পরিদর্শন শেষে দুপুরে পুলিশের উপকমিশনার এস এম মোস্তাইন বিল্লাহ বলেন, ‘আমরা কোনো ধরনের স্প্লিন্টার কিংবা অন্য কোনো বিস্ফোরক পাইনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গ্যাসের চাপে এই বিস্ফোরণ ঘটেছে।’
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভবনের আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান নন্দনকানন স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আকবর।
ছয়তলা মাদ্রাসা ভবনটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার ‘মাদ্রাসা আরবিয়া খাইরিয়া’ নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। ভবনের ভাড়ার টাকা মাদ্রাসার কাজে ব্যবহৃত হয়। তৃতীয় তলার যে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি ভাড়া নিয়েছেন আবদুল মোতালেব নামের এক ব্যক্তি। তিনি আগে মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকতেন। ছয় বছর ধরে পরিবার নিয়ে এখানে থাকেন। বৃহস্পতিবার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় যান তিনি। বাসায় ছিল তিন ছেলে, এক মেয়ে ও মা।
আগুনে দগ্ধ হয়েছেন তাঁর মা ছমুদা খাতুন (৭০), মেয়ে তনিমা আফরিন চৌধুরী (১৬) ও ছেলে আরিফুল ইসলাম (২৬)। তনিমা এসএসসি পরীক্ষার্থী। তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের শরীরে প্রাথমিকভাবে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্র জানায়। এর মধ্যে ছমুদা ও তনিমার শরীরের শতভাগ এবং আরিফের ২৫ ভাগ পুড়ে গেছে।
বিভাগের সহকারী অধ্যাপক এস খালেদ বলেন, ছমুদা ও তনিমার জীবন সংকটাপন্ন। আরিফ কিছুটা ভালো আছেন। আগুন থেকেই এ ঘটনা ঘটেছে।
হাসপাতাল সূত্র জানায়, সকালে তনিমাকে বার্ন ইউনিটে আনার পর কিছুক্ষণ তাঁর জ্ঞান ছিল। তিনি তখন চিকিৎসক ও নার্সদের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনার কথা জানান।
আহত আরিফুল ইসলাম প্যাকেজিংয়ের ব্যবসা করেন। তাঁর দুই হাত, পেট ও বুক দগ্ধ হয়েছে। আরিফুল বলেন, ‘ভোরে প্রচণ্ড শব্দ আর ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। জেগে দেখি আমার বিছানার মশারিতে আগুন। উঠে তাড়াতাড়ি বের হয়ে পড়ি। একবার বের হয়ে আমার বোনকে না দেখে আবার ভেতরে ঢুকি। তখন আমার গায়ে আগুন লাগে।’
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, মোতালেবের ঘরের প্রতিটি কক্ষ ছিন্নভিন্ন হয়ে আছে। ভেঙে গেছে দেয়াল। ভবনটির বিভিন্ন ফ্ল্যাটের কাচ উড়ে গিয়ে পড়েছে রাস্তায় ও অন্যান্য ভবনে।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মোতালেবের আরেক ছেলে আসিফুল ইসলাম। এইচএসসি পরীক্ষার্থী আসিফুল বলে, বিকট শব্দে ঘুম ভাঙার পর দেখি চারদিকে ধোঁয়া। ঘরের ভেতর ইটের টুকরা, দরজার ভাঙা অংশ পড়ে আছে। দ্রুত ঘর থেকে নিচে নেমে যাই। সে আরও বলে, ‘গায়ে আগুন লাগার পর আমার বোন বের হয়ে যান। কিন্তু ভাইয়া (আরিফ) মনে করেছিলেন, বোন বের হননি। তিনি আবার ভেতরে ঢোকেন। দাদি ওই অবস্থায় পড়ে ছিলেন ড্রয়িংরুমের সামনে। ছোট ভাই (আকিকুল) কীভাবে জানি বের হয়ে যায়।’
ভোরে বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ভবন থেকে লোকজন নিচে নেমে আসেন। মাদ্রাসা ভবনের নিচতলার বাসিন্দা সৈয়দ নূর বলেন, ‘প্রথমে ভেবেছি ভূকম্পন। পরে দেখলাম তৃতীয় তলায় আগুন। আমাদের ঘরের দরজা জানালা সব ভেঙে পড়ে আছে।’
পঞ্চম তলার বাসিন্দা মো. সরওয়ার বলেন, ‘যেভাবে নড়ে উঠেছে, মনে হয়েছে আজ মারা যাব। ঘরের দরজা ভেঙে গেছে। নিচে নামতে নামতে দেখি, তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হচ্ছে।’
দুর্ঘটনার খবর পেয়ে ভবন পরিচালনার দায়িত্বে নিয়োজিত মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার অধ্যক্ষ সোহেইল ছালেহ ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, মাদ্রাসার টাকায় এই ভবন নির্মিত হয়। ভাড়ার টাকা মাদ্রাসার তহবিলে যায়। ভবনের ১৮টি ফ্ল্যাট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, গতকাল বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। পরে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা তদন্তে জেলা প্রশাসন, পুলিশ, প্রকৌশলী, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।