বিস্ফোরণে দগ্ধ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল বয়লার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন মজিবর মোল্যা (৫০) ও রেজাউল করিম (২৫)। উপজেলার উত্তর দৌলতদিয়া কিয়ামদ্দিন মোল্যার পাড়ায় অবস্থিত সুনিপুণ অর্গানিক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একজন বলেন, কাঠের বার্নিশ তৈরির জন্য বয়লারে বসে কাজ করছিলেন অপারেটর মজিবর। একটি গ্যাস সিলিন্ডার সরানোর সময় বয়ালারের ভেতর গ্যাস ঢুকে সেটি বিস্ফোরিত হয়। এ সময় মজিবরের সামনে দাঁড়িয়ে থাকা রাজমিস্ত্রির সহকারী রেজাউল করিমও দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ জানান, ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।