বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্য বাড্ডায় গতকাল সোমবার একটি বাসায় বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই বেলুনে গ্যাস ভরা ও বিক্রির সঙ্গে জড়িত। নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৩৫)। আহত ব্যক্তিরা হলেন আলী হোসেনের ছোট ভাই বিল্লাল হোসেন (২৫), বেলুন বিক্রেতা আকতার হোসেন, কারখানার কর্মী বোরহান উদ্দিন, মানিক ও আলামিন। আহত ব্যক্তিরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মধ্য বাড্ডার পাঁচতলা বাজারসংলগ্ন ভাড়া করা টিনের ছাউনির একটি ঘরে কাজের সময় হঠাৎ করে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে। বিস্ফোরণে আলী হোসেনের কোমর থেকে বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া আহত পাঁচজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।