বিস্ফোরণের জন্য ক্ষতিপূরণ দাবি
মাগুরছড়া ও টেংরাটিলায় বিস্ফোরণের জন্য দায়ী শেভরন ও নাইকোর কাছ থেকে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ মঙ্গলবার মাগুরছড়া দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে জাতীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ সভাপতির বক্তব্যে বলেন, সরকারগুলোর ভূমিকার কারণে জাতীয় সম্পদ ধ্বংসের ক্ষতিপূরণ পাওয়া দূরের কথা, এসব বিদেশি কোম্পানি নানাভাবে লাভবান হচ্ছে। এত ক্ষতি করেও কোম্পানিগুলো দেশের ভেতরে তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করে যাচ্ছে। সরকার, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, সংবাদমাধ্যম কেউই এর বিরুদ্ধে মুখ খুলছে না। তিনি অভিযোগ করেন, সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ খাত ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে।
আলোচনা সভায় দুর্নীতি ও ভুল নীতির গ্রাস থেকে দেশের বিদ্যুৎ খাতকে মুক্ত করার দাবি জানানো হয়। সুন্দরবন বিনাশী রামপাল-ওরিয়ন প্রকল্প বাতিল ও বাঁশখালীতে জেল-জুলুম বন্ধ করার দাবি আবারও তুলে ধরেন বক্তারা। দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে রামপাল, বাঁশখালী বা রূপপুর নয়, জাতীয় কমিটির সাত দফায় বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবি জানানো হয়।
আলোচনায় সভায় বক্তব্য দেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীম উদ্দিন খান, মুশাহিদা সুলতানা প্রমুখ।