বিস্ফোরক দ্রব্য অস্ত্র গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেট ও সায়েদাবাদে গত সোমবার রাতে অভিযান চালিয়ে সাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড। ওই অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি-দক্ষিণ) কৃষ্ণপদ রায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য দিয়ে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে অস্ত্র সরবরাহ করে আসছেন।
ডিবির উপকমিশনার বলেন, সোমবার রাত পৌনে ১১টায় অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের প্রধান (এডিসি-ডিবি) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে কাবিল (২২), জিল্লুর রহমান (২৩) ও রাকিবুল হাসান ওরফে রকিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ও ১৫টি গুলি উদ্ধার করা হয়।
একই রাতে ওই স্কোয়াড সায়েদাবাদে আরেকটি অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১৩টি গুলি ও ছয় কেজি ২০০ গ্রাম বিস্ফোরকসহ নিজাম উদ্দিন (৫০), সাদ্দাম হোসেন (২৪), শরিফুল ইসলাম ওরফে আশরাফুল ইসলাম (২৬) ও খালেদা বেগম ওরফে রেবিনা ওরফে সীমাকে (২০) গ্রেপ্তার করে।
কৃষ্ণপদ রায় বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান, অতিরিক্ত কমিশনার সাইদুর রহমান ও অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের প্রধান ছানোয়ার হোসেন।