বিস্ফোরক মামলা এখনো সাক্ষ্য পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় গতকাল সোমবার হাইকোর্টে রায় হলেও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এখনো বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়ে গেছে। একই সঙ্গে দুটি মামলার অভিযোগ গঠন হলেও গত চার বছরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মাত্র ৪৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

অথচ হাইকোর্টে রায় হওয়ার মাধ্যমে হত্যা মামলাটির বিচারপ্রক্রিয়ার দ্বিতীয় ধাপ সম্পন্ন হলো গতকাল। বিচারিক আদালত এ মামলার রায় দেন ২০১৩ সালের ৫ নভেম্বর।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) বিদ্রোহের সময় সদর দপ্তর রাজধানীর পিলখানায় নৃশংস ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় দুটি ফৌজদারি মামলা হয়। এর একটি হত্যা এবং অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনে। হত্যা মামলায় আসামি ৮৫০ জন এবং অন্য মামলায় আসামি ৮৩৪ জন। তবে দুটি মামলাতেই সাক্ষী ১ হাজার ২৪৭ জন। বিস্ফোরক দ্রব্য মামলারও বিচারকাজ চলছে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে। আগামী ৭ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

বিস্ফোরক দ্রব্য আইনের মামলার বিচারকাজে বিলম্বের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল, সাক্ষী ও আসামি একই হওয়ায় দুটি মামলায় একসঙ্গে অভিযোগ গঠন করা হয়েছিল। তবে আসামিপক্ষের আবেদনে মামলা দুটির বিচারকাজ পৃথকভাবে চলে। ২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলায় রায় হওয়ার পর সাজাপ্রাপ্ত আসামিদের অন্য মামলাটিতে আদালতে হাজির করা যায়নি। তাঁদের আচরণের কারণে কাঠগড়া ঢেলে সাজানো হয়। যে কারণে বিচারকাজে দেরি হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, হত্যা ও বিস্ফোরক দ্রব্য মামলার সাক্ষী ও ঘটনাস্থল এক। হত্যা মামলার বিচারকাজ শেষ হলেও এ মামলায় মাত্র ৪৮ জনের সাক্ষ্য শেষ হয়েছে। গতিহীন হয়ে পড়েছে মামলাটির বিচারকাজ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র বলেছে, বিডিআরে বিদ্রোহের ঘটনায় সবচেয়ে বেশি লোকের সাজা হয় অধিনায়কদের সামারি ট্রায়ালে। এতে ১১ হাজার ২৬৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাঁদের মধ্যে ১০ হাজার ৯৭৩ জনের বিভিন্ন ধরনের সাজা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে ৮ হাজার ৭৫৯ জনকে চাকরিচ্যুত করা হয়। অন্যরা প্রশাসনিক দণ্ড শেষে আবার চাকরিতে যোগ দেন।

দ্বিতীয় পর্যায়ে বিশেষ আদালত গঠন করে ৬ হাজার ৪৬ জন জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয়। এসব মামলায় ৫ হাজার ৯২৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। তাঁদের প্রত্যেককে চাকরিচ্যুত করা হয়েছে। আর বেকসুর খালাস পাওয়া ১১৫ জন চাকরি ফিরে পেয়েছেন। বিচার চলার সময় ৫ জনের মৃত্যু হয়।

মামলা সূত্রে জানা যায়, তৎকালীন বিডিআরে বিদ্রোহের ঘটনায় ফৌজদারি মামলা দুটি করা হয় লালবাগ থানায়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে হত্যা মামলায় ২৩ জন বেসামরিক ব্যক্তিসহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে এ মামলায়ও সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়।