বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে হরকাতুল জিহাদের জঙ্গিদের গ্রেনেড হামলার ঘটনায় বিচার চলমান বিস্ফোরক আইনের মামলা পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। জঙ্গি হামলার ‘মদদদাতা’ বের করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) মো. নাজির আহমদ পুনঃ তদন্তের আদেশ দেন।আদালত সূত্র জানায়, আনোয়ার চৌধুরী বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের পর ২০০৪ সালের ২৫ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে আসেন। ওই দিন জুমার নামাজ শেষে তিনি মাজার থেকে বের হয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ের সময় গ্রেনেড হামলা হয়। হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। এ ঘটনায় বিস্ফোরক ও হত্যার ঘটনায় সিলেটে দুটি মামলা হয়। এর মধ্যে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ চলছিল সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতে।গতকাল মামলার সাক্ষ্য গ্রহণের তারিখে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ মামলার অধিকতর তদন্তের জন্য আদালতে একটি আবেদন করেন। এতে বলা হয়, মামলার তদন্তে গ্রেনেড হামলাকারী আসামি শনাক্ত হলেও আসামিদের ‘মদদদাতা’ শনাক্ত হয়নি। ঘটনার পরিপূর্ণ তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে অধিকতর তদন্তপূর্বক গ্রেনেড হামলার মদদদাতাদের বের করতে পুনঃ তদন্ত প্রয়োজন।আবেদনে বলা হয়, গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে জঙ্গি হামলার বিষয়টি প্রকাশ পায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি ও মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম বিপুলসহ তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেন। পরে ১৫ অক্টোবর বিপুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন।বিপুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুনঃ তদন্তের আবেদনে বলা হয়, বিপুল সিলেটে এক রাজনৈতিক নেতার আশ্রয়ে ছিলেন। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে বিপুল সিলেটে হরকাতুল জিহাদের জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে যান। বিপুলকে রাজনৈতিকভাবে সিলেটে পুনর্বাসনকারীদের বিচারের আওতায় না আনলে জঙ্গি হামলার মূলোৎপাটন সম্ভব নয় বলে আবেদনে বলা হয়।আবেদনের শুনানি শেষে গতকালই আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ঘটনার পুনঃ তদন্তের নির্দেশ দেন।