বিস্ফোরক মামলায় গউছের জামিন আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছের একটি জামিন আবেদন গতকাল রোববার নামঞ্জুর করেছেন আদালত। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, বর্তমানে কারাগারে থাকা জি কে গউছের আইনজীবী ও হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ গতকাল দুপুরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মী। এ ছাড়া আহত হন ৭০ জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
গত বছরের ১৩ নভেম্বর কিবরিয়া হত্যাকাণ্ডের তৃতীয় সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে নতুন করে যে নয়জনকে অভিযুক্ত করা হয়, তাঁদের একজন জি কে গউছ। হবিগঞ্জ জেলা বিএনপির এই সাধারণ সম্পাদক এ মামলায় গত বছরের ২৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। পরে ৭ জানুয়ারি জি কে গউছকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।