
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার অভিযোগপত্রের ওপর শুনানির দিন আগামী ২৭ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালতে এ শুনানির দিন ধার্য ছিল। কারাগারে থাকা ১৪ জন আসামির আইনজীবী সময় চাইলে আদালত নতুন তারিখ ধার্য করেন। গতকাল কোনো আসামিকে আদালতে হাজির করা হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা ৫ আগস্ট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা অভিযোগপত্রে বিএনপির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্ত) ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ ৩২ জনকে অভিযুক্ত করেন। একই ব্যক্তিদের হত্যা মামলায়ও অভিযুক্ত করা হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা গত ১২ মে আটক ১৪ জন আসামিকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন।
এ হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন হুজি নেতা মুফতি আবদুল হান্নান, লুৎফুজ্জামান বাবর, আবু জান্দাল, মহিব উল্লাহ অভি, শরীফ সাহেদুল আলম বিপুল, হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ ওরফে নিমু, বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিঠু, আবুল মাজেদ ভাট, মাওলানা আবদুল সালাম, দেলোয়ার হোসেন রিপন, শেখ ফরিদ, আবদুল জলিলসহ ২০ জন।
পলাতক রয়েছেন মাওলানা তাজউদ্দিন, মুফতি সফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মোহাম্মদ আলী, মো. বদরুল আলম, আহসান উল্লাহ কাজল, ইউসুফ বিন শরীফ, হারিছ চৌধুরী, হাফেজ ইয়াহিয়া, আবু বকর করিমসহ ১২ জন। গ্রেপ্তারকৃতদের মধ্য থেকে মুফতি আবদুল হান্নান, আবুল মাজেদ ভাট, সৈয়দ নাঈম আহমেদ আরিফ ওরফে নিমু, শরীফ সাহেদুল আলম বিপুল, দেলোয়ার হোসেন রিপন, মিজানুর রহমান মিঠু ও আবদুল সালাম এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়া নিহত হন। একই ঘটনায় আরও নিহত হন স্থানীয় আওয়ামী লীগের চার নেতা-কর্মী। এ হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে একই বছরের ২৮ জানুয়ারি হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।