আওয়ামী লীগের নেতা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যায় দায়ের করা বিস্ফোরক মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মামলাটির ওপর শুনানি শেষ হয়।
হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম এস এম হুমায়ুন কবিরের আদালত অভিযোগপত্র গ্রহণপূর্বক শুনানি শেষে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলার শুনানি শেষে তা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হবে। এ ট্রাইব্যুনালেই কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।
কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র (বরখাস্তকৃত) জি কে গউছসহ ৩২ জনকে সম্প্রতি অভিযুক্ত করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।