বিস্ফোরক মামলার তদন্তের সময় আরও তিন মাস বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার অধিকতর তদন্তের সময় আরও তিন মাস বেড়েছে।তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক সময় বৃদ্ধির আদেশ দেন।এ নিয়ে মামলাটির অধিকতর তদন্তের ছয় দফা সময় বাড়ানো হলো।রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম ও আকরাম উদ্দিন আদালতকে বলেন, অধিকতর তদন্তকালে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় ব্যবহূত গ্রেনেডের সরবরাহকারী ও মদদদাতাদের শনাক্ত করতে এবং ঘটনাস্থলে পাওয়া তাজা গ্রেনেড আলামত হিসেবে সংগ্রহ না করে ধ্বংস করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য অধিকতর তদন্তের সময় বাড়ানো প্রয়োজন।একই ঘটনায় দায়ের করা হত্যা মামলারও অধিকতর তদন্তের সময় এর আগে গত ২২ নভেম্বর আরও তিন মাস বাড়ানো হয়। ২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত উভয় মামলার অধিকতর তদন্তের আদেশ দেন। একই সঙ্গে আদালত সিআইডিকে তখন দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী নিহত এবং কয়েক শ জন আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়।