বিস্ফোরক মামলার তদন্তের সময় বাড়ল আরও ২৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় অধিকতর তদন্তের সময় আরও ২৫ দিন বাড়িয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধির এই আদেশ দেন। গতকাল এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পূর্বনির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত শেষ করতে না পারায় সিআইডি আরও ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করে।মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু আদালতকে বলেন, জঙ্গিনেতা মুফতি হান্নান ৭ এপ্রিল আদালতে আবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দির ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক আবদুর রহিম ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক রেজ্জাকুল হায়দারকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ওই হামলায় মদদদাতাদের অনেকেই পলাতক। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তাই সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আরও ৪৫ দিন সময় দরকার।