সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ৯ আসামিকে আগামী ১০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি গতকাল বুধবার প্রকাশিত হয়।
পলাতক অপর আট আসামি হলেন মুফতি শফিকুর রহমান, মাওলানা তাজউদ্দিন, মুফতি আবদুল হাই, আবদুল জলিল, মো. বদরুল ওরফে বদরুল, মোহাম্মদ আলী, কাজল মিয়া ও মহিবুর রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিদের না পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। ট্রাইব্যুনাল মনে করেন আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেছেন। এ অবস্থায় যেহেতু তাঁদের শিগগিরই গ্রেপ্তার করার সম্ভাবনা নেই, এ মামলার বিচারের স্বার্থে আসামিদের ১০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন করা হবে।
হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে ২০০৫ সালের ২৭ জানুয়ারি গ্রেনেড হামলায় প্রাণ হারান সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের স্থানীয় পাঁচ নেতা-কর্মী। আহত হন ৭০ জন। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। পুলিশ দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হকচৌধুরী (সাময়িক বরখাস্ত), হবিগঞ্জের মেয়র (সাময়িক বরখাস্ত) জি কে গউছসহ ৩২ জনের নামে অভিযোগপত্র দেয়। সিলেট বিশেষ ট্রাইব্যুনালে এ মামলার বিচারকাজ চলছে। বিস্ফোরক মামলাটি একই আদালতে স্থানান্তর করা হলে পলাতক আসামিদের বিরুদ্ধে এ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সেখান থেকে সম্প্রতি ফেরত আসে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় এখন দুটি মামলার বিচারকাজ সিলেট বিশেষ ট্রাইব্যুনালে চলবে।