বিস্ফোরক মামলার রায়ে ড. গালিবসহ চারজন খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আহলে হাদিস আন্দোলনের নেতা আসাদুল্লাহ আল গালিবসহ চারজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক কাজী শাহীনা নিগার এ রায় দেন।খালাস পাওয়া অন্য আসামিরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের জয়নাল সরকার (৪৭), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৪৩) ও নারায়ণগঞ্জ বন্দর থানার বন্দর কোটপাড়ার শফিকুল্লাহ (২৮)।আসামি শায়খ আবদুর রহমানের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হওয়ায় এর আগেই এ মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ জানুয়ারি গভীর রাতে গাবতলী থানার পুলিশ অভিযান চালিয়ে জয়নাল সরকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এ ব্যাপারে গাবতলী থানার তৎকালীন উপপরিদর্শক খায়রুল ইসলাম বাদী হয়ে গাবতলী থানায় মামলা করেন। পরে পুলিশ শফিকুল্লাহ ও জয়নালের স্ত্রীকে গ্রেপ্তার করে।রায় ঘোষণার পর আসাদুল্লাহ আল গালিব বলেন, বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীন হওয়ায় তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং দেশে আইনের শাসন বিদ্যমান আছে বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ষড়যন্ত্র করে তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।