বিস্ফোরক মামলায় দুই জেএমবির ১০ বছর করে কারাদণ্ড
জামালপুরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৭ সালের ওই মামলায় আজ মঙ্গলবার দুপুরে জামালপুরের যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৩-এর বিচারক ফাতেমা ইমরোজ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার হাজীপুর কুমারগাতি গ্রামের কামরুল হাসান (৩৬) এবং সরিষাবাড়ী উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের হাবিবুর রহমান (৩১)। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. বাদশা মিয়া কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মামলা ও আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২১ মার্চ রাতে সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজারে পুলিশের একটি দল ওই দুই জেএমবি সদস্যকে ধরতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশের ওপর হ্যান্ড গ্রেনেড ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ কামরুল ও হাবিবুরকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় ওই রাতেই দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।