২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গতকাল সোমবার সিআইডির পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আরও তিন আসামির পক্ষে জেরা করা হয়। ৯ আসামির আইনজীবী জেরা করতে অস্বীকৃতি (ডিক্লাইন) জানান। একই সাক্ষীকে এর আগে গত রোববার বিএনপির নেতা তারেক রহমানসহ ১২ আসামির পক্ষে জেরা করা হয়।বাকি আসামিদের পক্ষে জেরা করার জন্য ২২ ও ২৩ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে।জেরায় লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মাহবুবুর রহমান জানতে চান, ‘২০০৪ সালের ২৫ আগস্ট এই মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করে, তখন আপনি কোথায় ছিলেন।’ জবাবে আবু হেনা বলেন, ‘সিআইডিতে ছিলাম।’জেরায় বলা হয়, মুফতি হান্নানকে উদ্ধৃত করে যে কথা বলা হচ্ছে, তা রমনা বটমূলের মামলায় তাঁর দেওয়া জবানবন্দিতে উল্লেখ নাই। এটা ঠিক কি না, এ প্রশ্নের জবাবে আবু হেনা বলেন, ‘নথি না দেখে বলতে পারব না।’এ ছাড়া গতকাল আসামি হরকাতুল জিহাদের (হুজি) নেতা শেখ আবদুস সালাম, ছাব্বির আহমেদ ও সংগঠনের সদস্য আরিফ হাসান ওরফে সুমনের পক্ষে আইনজীবীরা আবু হেনাকে জেরা করেন। অপর আসামিদের মধ্যে বিএনপির নেতা শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম, হুজির তাজউদ্দিন ও তাঁর ভাই রাতুল বাবু, ইয়াহিয়া, হাফেজ জাহাঙ্গীর বদর, মুরসালিন, দেলোয়ার হোসেন ওরফে লিটন ও উজ্জ্বল ওরফে রতনের আইনজীবীরা জেরা করতে অস্বীকৃতি জানান।