বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আরিফুল হকের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী জামিন পেয়েছেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ জামিন দেন।
আদালতে আরিফুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
আবদুল হালিম কাফী পরে প্রথম আলোকে বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যার অভিযোগে একটি এবং বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলা করা হয়। এর মধ্যে হত্যার অভিযোগে করা মামলায় আরিফুল আগে হাইকোর্ট থেকে জামিন পান। পরে তা আপিল বিভাগে বহাল থাকে। ফলে এখন তাঁর কারাগার থেকে মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে মনে করেন আবদুল হালিম কাফী।

অবশ্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। সংশোধিত সম্পূরক অভিযোগপত্রে আরিফুল হককে আসামি করা হয়। পরে ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুলসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই বছরের ৩০ ডিসেম্বর আরিফুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠান। গত বছরের জানুয়ারিতে আরিফুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সর্বশেষ গত ৩১ অক্টোবর নিম্ন আদালতে আরিফুলের জামিন নামঞ্জুর হয়। এর বিরুদ্ধে চলতি মাসে আপিল করে জামিনের আবেদন জানান আরিফুল। এই আবেদনের শুনানি নিয়ে গতকাল তাঁকে জামিন দেন আদালত।